আসন্ন বাজেটে পুঁজিবাজার চাঙ্গা করতে অর্থ মন্ত্রণালয়ে কিছু সুপারিশ পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ও বিদেশী বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর কর ছাড়সহ বন্ডে কর ছাড় সুবিধা প্রদান, তালিকাভুক্ত কোম্পানির নগদ লভ্যাংশের ক্ষেত্রে উেস কর্তিত করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা, করপোরেট বন্ডে কোম্পানির বিনিয়োগের ক্ষেত্রে আয়কর ছাড় প্রদান ও করপোরেট বন্ডের সুদের ওপর কর্তিত উৎস করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার প্রস্তাব দিয়েছে বলে গণমাধ্যমে এসেছে। করোনার মধ্যে পুঁজিবাজারকে সক্রিয় রাখতে এসব উদ্যোগের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। নতুন কমিশন গঠনের পর আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়কে প্রথম প্রস্তাব জমা দেয়ার বিষয়টিকে সাধুবাদ জানাতে হবে। করোনার মধ্যেও স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ করেছে বিএসইসি। বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও সক্ষমতা অন্যান্য দেশের তুলনায় কম। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মতো তাদের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগে উদ্ভূত মূলধনি মুনাফাকে আগের মতো করমুক্ত করা প্রয়োজন। বিশেষত করোনার মধ্যে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণ করতে হলে কিছু ছাড় ও সুযোগ-সুবিধা প্রদান করতে হবে বৈকি। তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশের ওপর উেস কর্তিত করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার প্রস্তাব দিয়েছে কমিশন। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগে উৎসাহিত হবে বলে ধারণা করা হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণে এসব প্রস্তাব ইতিবাচক। একই সঙ্গে ভালো ও বহুজাতিক কোম্পানিকে এ বাজারে নিয়ে আসা জরুরি। বর্তমানে দেশে লক্ষাধিক কোম্পানি নিবন্ধিত হলেও মধ্যম ও বৃহদায়তনের কমপক্ষে কয়েক হাজার কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সুযোগ আছে। অথচ শুধু কয়েকশ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে, যা নগণ্য। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে বেসরকারি পুঁজি সঞ্চালনের প্রয়োজন। পুঁজিবাজারের কল্যাণে দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন।

শেয়ারবাজারের মাধ্যমে বিনিয়োগ করলে বিদেশীরা যেকোনো সময় পুঁজি প্রত্যাহার করে নিতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ অতিসহজ নীতি গ্রহণ করেছে। কিন্তু সমস্যা হলো, শেয়ারবাজারে ভালো কোম্পানির অভাব। তারা যে মানের কোম্পানির শেয়ার কিনতে চায়, সেই মানের কোম্পানির সংখ্যা ঢাকার শেয়ারবাজারে অতি অল্পসংখ্যক। বাংলাদেশের নীতিনির্ধারকরা আজতক বুঝলেন না যে অর্থনীতিতে ৮ শতাংশ বা তার অধিক প্রবৃদ্ধি অর্জনকে ধরে রাখতে হলে শেয়ারবাজারের একটা সমর্থন লাগবে। ভারতের অর্থনীতি খারাপ করছে, কিন্তু তাদের শেয়ারবাজার তখন তুঙ্গে ছিল। এর কারণ হলো, ভারতীয় শেয়ারবাজারে এমন অনেক কোম্পানি আছে, যেগুলোর ছোট সংস্করণও বাংলাদেশ শেয়ারবাজারে নেই। ওদের ওখানে বাজার মূলধনের বিচারে হিন্দুস্তান লিভার হলো চতুর্থ নম্বরের কোম্পানি। আমাদের এখানে বাংলাদেশ ইউনিলিভার তালিকাভুক্ত নেই। করাচির স্টক মার্কেটও চাঙ্গা। মূল কারণ হলো, বিদেশীদের বিনিয়োগ। সেই মার্কেটে যেসব কোম্পানির শেয়ার কেনার জন্য বিদেশীরা আগ্রহ দেখাচ্ছে, তার মধ্যে অন্যতম হলো নেসেল পাকিস্তান। বাংলাদেশের শেয়ারবাজারে বাংলাদেশ নেসেল তালিকাভুক্ত হয়নি। এই তো সেদিন, সংবাদমাধ্যমে খবর বের হয়েছে থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জ তার প্রতিবেশী দেশগুলোর ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার পদক্ষেপ নিয়েছে।

এর আগে গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রী পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছিলেন। তার মধ্যে পুঁজিবাজারে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি করা, মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতিপয় সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি পর্যালোচন করা, আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ, বাজারে আস্থা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাজারে মানসম্পন্ন আইপিও বৃদ্ধির লক্ষ্যে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণের উদ্যোগ গ্রহণ ছিল উল্লেখযোগ্য। গেল ছয় মাসে এসব উদ্যোগের অনেকগুলোই বাস্তবায়ন হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশী ঋণ বা বিনিয়োগ নিয়ে এলে অবশ্যই শেয়ারবাজারে সেই কোম্পানি লিস্টেড হতে হবে। আগে থেকেই ব্যাংকের বিনিয়োগ বাড়ানো, স্টক মার্কেটে বিনিয়োগের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কাজে লাগানো, প্লেসমেন্টের কারসাজি বন্ধ, নতুন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির চাপ কমানোর পদক্ষেপ, দুর্বল কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ঠেকানোর উদ্যোগ নিতে হবে। আমরা চাইব বিএসইসি, ঢাকা স্টক একচেঞ্জসহ যেসব প্রস্তাব সংশ্লিষ্টরা দিয়েছেন, সেগুলো আমলে নিয়ে যথাযথ বিচার-বিশ্লেষণপূর্বক অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেবে এবং এর প্রতিফলন বাজেটে পড়বে।