সারা বিশ্বে চলছে করোনাকাল। কভিড-১৯ মহামারীর কারণে অন্য দেশগুলোর মতো বাংলাদেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন খাতে অধোগতির ছায়া প্রকট। অর্থনীতির বেশির ভাগ সূচকই নিম্নমুখী। এই সংকটকালে বাজেট মৌসুম দরজায় কড়া নাড়ছে। কয়েক দিন পরেই ঘোষিত হবে ২০২০-২১ অর্থবছরের বাজেট। আসন্ন বাজেট ঘিরে বিভিন্ন মহলে এরই মধ্যে চলছে নানা আলোচনা, এবার জনপ্রত্যাশাও বিপুল। সেই বিবেচনায় সরকারের সামনে চ্যালেঞ্জও বিস্তর। সবাই চাইছে আগামী বাজেট নিছকই আয়-ব্যয়ের সাদামাটা দলিল মাত্র যেন নয়; এটি যেন হয় ভবিষ্যৎ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বাস্তবসম্মত দিকনির্দেশনার রোডম্যাপ। সুতরাং গতানুগতিকতার ধারা থেকে বেরিয়ে আসার বিকল্প নেই।

অতীতের বাজেট পর্যালোচনায় দেখা যায়, বরাবরই সর্বাধিক বরাদ্দ থাকে অবকাঠামোভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলোয়। আসন্ন বাজেটেও এ ধরনের প্রকল্পে নিশ্চয়ই মোটামুটি মাত্রায় বরাদ্দ দিতে হবে। কেননা পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো আমাদের বড় কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে। বিরাজমান অবস্থায় কোনোভাবেই গতানুগতিক বাজেট দেয়ার সুযোগ নেই। এক্ষেত্রে তুলনামূলক কম প্রয়োজনীয় প্রকল্পগুলোর বরাদ্দ অন্য গুরুত্বপূর্ণ খাতে দিতে হবে। অপ্রয়োজনীয় প্রকল্পের সংখ্যা কমাতে হবে। মনে রাখতে হবে চলতি বছর একটি ব্যতিক্রমী বছর। করোনার অভিঘাতে এ বছর জনস্বাস্থ্য ও মানুষের জীবিকা চরমভাবে হুমকির মুখে; সামনে এর অভিঘাত আরো প্রকট হবে।  এজন্য মানুষকে বাঁচানো এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে আগামীতে বেশি গুরুত্ব দিতে হবে। সুতরাং বাজেট বরাদ্দের ক্ষেত্রে আসন্ন অর্থবছরে বোধগম্য কারণেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য খাতকে। বাজেটের ৬ শতাংশের বেশি কখনই এ খাতে বরাদ্দ দেয়া হয়নি। জিডিপির শতাংশ হিসাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ ১ শতাংশও নয়। এ অবহেলার ফলেই করোনা মহামারীকালে স্বাস্থ্য খাতকে দ্রুত প্রস্তুত করতে সক্ষম হয়নি, জনগণকে পোহাতে হচ্ছে ভোগান্তি। আগামী অর্থবছরে এ খাতে জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ দেয়া জরুরি, যাতে এ বাড়তি বরাদ্দ করোনা পরীক্ষা বাড়ানো ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতে ব্যয় করা যায় এবং মহামারীকালে জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা যায়। স্বাস্থ্য খাতের পরে সবচেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে দেশের সামাজিক নিরাপত্তা খাত। ধারাবাহিকভাবে এক্ষেত্রে সরকার জাতীয় বাজেটের ১০ শতাংশের বেশি বরাদ্দ দিয়ে আসছে, যা প্রশংসনীয়। তবে বিদ্যমান বাস্তবতায় এ খাতে বরাদ্দ দ্বিগুণ করা দরকার। কেননা করোনা অভিঘাতে বিপুলসংখ্যক জনগোষ্ঠী (প্রায়ই ছয় কোটি মানুষ) দরিদ্র হয়ে পড়ছে। বরাদ্দ বৃদ্ধি করে কেবল বিদ্যমান কর্মসূচিগুলোর পরিসর বাড়ানোয় সীমাবদ্ধ থাকলে হবে না; বরং নতুন উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। যাতে মানুষ স্বল্প সময়ে ঘুরে দাঁড়াতে পারে। এছাড়া কৃষি, এসএমই খাতকে গুরুত্ব দিতে পারে। অনেক মানুষই কাজ হারিয়েছে, অনেক ছোট প্রতিষ্ঠানেরই উৎপাদন বন্ধ বা সক্ষমতা অনুযায়ী তারা উৎপাদন করতে পারছে না। এগুলো টার্গেট করে লক্ষ্যাভিমুখী উদ্যোগ নিতে হবে। এতে অর্থনৈতিক গতিশীলতা ফেরানো অনেকটাই সহজ হবে বৈকি।

এদিকে বাজেটের একটি রাজস্ব দিকও রয়েছে। রাজস্ব আহরণে সরকার বরাবরই ব্যর্থ হয়েছে। ক্রমান্বয়ে রাজস্ব প্রবৃদ্ধি কমছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম না হলেও আগামী অর্থবছরের জন্য তা বাড়ানো হচ্ছে ৮ শতাংশেরও বেশি। এটি বাস্তবসম্মত কিনা, তা বিবেচনার দাবি রাখে। করোনার কারণে মানুষের আয় কমে যাওয়ায় রাজস্ব প্রবৃদ্ধি আরো কমতে পারে। সেক্ষেত্রে সরকারকে আয়ের ক্ষেত্রে আরো উদ্ভাবনীমূলক হতে হবে। কর কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। করহার কমিয়ে কীভাবে করজাল বাড়ানো যায়, তা ভাবতে হবে। মফস্বল শহর, পৌরসভা এলাকা, উপজেলা পর্যায়ে অনেকেরই করযোগ্য আয় বিদ্যমান। অথচ কর দেয় না। তাদের চিহ্নিত করে করের আওতায় নিয়ে আসতে হবে। সহজ পন্থায় যারা কর দেয়, এনবিআরের তাদেরকে টার্গেট করতে হবে। ভয় দেখিয়ে নয়, উৎসাহিত করার মাধ্যমে কর আহরণে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। কমাতে হবে বাহুল্য ব্যয়, রোধ করতে হবে অপচয়। সরকারি ব্যয় মেটাতে বৈদেশিক উেসর দিকে জোর দিতে হবে। বিদেশী সহায়তা ও অনুদান পেতে চেষ্টা চালাতে হবে। এডিবি ও আইএমএফ এরই মধ্যে ঋণসহায়তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সহজ শর্তে যেসব বহুপক্ষীয়, দ্বিপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সুযোগ আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে কূটনৈতিক সক্রিয়তা বাড়াতে হবে। ব্যাংকনির্ভরতা কাটিয়ে বিদেশী অর্থায়ন নিশ্চিত করা গেলে বাজেট বাস্তবায়ন যেমন সহজ হবে, তেমনি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথও সুগম হবে। বিষয়টি বিবেচনায় সরকারের সময়োপযোগী পদক্ষেপই কাম্য।