পাওনা অর্থ পরিশোধ না করলে যুক্তরাজ্যের এডিনবার্গ উলেন মিলস (ইডব্লিউএম) গ্রুপকে কালো তালিকাভুক্ত করা বিজিএমইএর সিদ্ধান্তটি বৈপ্লবিক। পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের নতুন একটি যাত্রার ইঙ্গিত। নতুন এই বিস্তৃত পথ বিজিএমইএ-বিকেএমইএ একা পাড়ি দিতে পারবে না। বিশ্বদরবারে নিজেদের অধিকার আদায়ে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের এই লড়াইয়ের সঙ্গী হতে হবে সরকার, শ্রমিক, সুশীল সমাজ সর্বোপরি দেশের নাগরিকদের। আমাদের নিজেদের কী ভূমিকা আছে তা নিয়ে আলোচনার আগে বিজিএমইএ’র সিদ্ধান্তটির বৈপ্লবিক দিকটি নিয়ে বলা প্রয়োজন।
বাংলাদেশের রফতানিমুখী পোশাক শিল্প-উদ্যোক্তারা বিগত বছরগুলোতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর চাপের কাছে মাথা নত করে, প্রায়ক্ষেত্রে অনৈতিক দাবি মেনে নিয়ে ব্যবসায় করে এসেছেন। বিদেশী ক্রেতা প্রতিষ্ঠানগুলো কত স্থুলমাপের অনৈতিক আচরণ করতে পারে, তার একটি উদাহরণ পাওয়া যায় আন্তর্জাতিক শ্রম সংস্থার(আইএলও) গবেষণায়। ২০১৭ সালে আইএলও’র গবেষণায় উল্লেখ করা হয়- অনেক ক্রেতাপ্রতিষ্ঠান কার্য্যাদেশ দেওয়ার সময় উৎপাদনকারী কারখানার সঙ্গে কোন রকমের লিখিত চুক্তিতে পর্যন্ত যায় না। তাদের খেয়াল খুশি মতো কার্য্যাদেশের শর্ত পরিবর্তন করে। পোশাক শিল্পমালিকদের ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দেয়। তবুও বাংলাদেশের উৎপাদনকারী কোম্পানিগুলো মূলত কোন রকমের প্রতিবাদ ছাড়াই ব্যবসায় চালাতে বাধ্য হচ্ছিল প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে ক্রেতা হারানোর ভয়ে।
বিশ্বব্যাপী বিস্তৃত এই ব্যবসায়ের সর্বময় ক্ষমতা ক্রেতাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড ও রিটেইলারদের হাতে। পোশাক বা ফ্যাশনের ভোক্তাদেরকে তারাই নিয়ন্ত্রণ করে। পাশাপাশি যোগ হয়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা। ইথিওপিয়ায় শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন দুই হাজার টাকার কাছাকাছি। কোন দেশ কত সস্তায় পোশাক বানাচ্ছে তা নিয়ে প্রতিযোগিতা লেগেই থাকছে। এমন পরিস্থিতিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অনৈতিক আচরণের শিকার গার্মেন্টস কারখানার মালিকেরা সাধারণত কোন রকমের প্রতিবাদ করে না। এমনকি প্রতিবাদ করার জন্য আইনগত জায়গাও কম বা নাই বললেই চলে।
সম্প্রতি কিছু বৈশ্বিক উদ্যোগ পোশাক শিল্পমালিকদের নিজেদের পরিচয় গোপন করে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারী আচরণ প্রকাশে উৎসাহিত করছে। ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক ব্যবসায় সম্পৃক্ত ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর অনৈতিক আচরণ প্রতিরোধে আইন প্রণয়নের লক্ষ্যে কাজ করছে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সিনিয়র পলিসি অ্যাডভাইজার গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাসটেইনেবল অ্যাপারেল ফোরামে নামের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। ক্রেতাপ্রতিষ্ঠানসমূহের অনৈতিক আচরণের তথ্য জানাতে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন তিনি। কেননা, ইউরোপীয় ইউনিয়নের রীতি অনুযায়ী তৈরী পোশাক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের উল্লেখিত অনৈতিক আচরণসমূহ প্রতিরোধে আইন প্রণয়ন করতে যথেষ্ট তথ্য-উপাত্ত হাজির করতে হবে।
ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের ওই আহ্বানের কয়েকমাস পরই শুরু হয় কভিড-১৯ মহামারী। বাংলাদেশসহ এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার তৈরিপোশাক শিল্পকারখানাগুলো ইউরোপ ও আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অনৈতিক আচরণের শিকার হতে শুরু করে। কভিড-১৯ মহামারীকে কারণ দেখিয়ে অনৈতিকভাবে রফতানি করা পণ্যের মূল্য পরিশোধে অক্ষমতা জানায় ক্রেতাপ্রতিষ্ঠানগুলো। বিপদগ্রস্ত হয়ে পড়ে লাখো লাখো শ্রমিক ও কারখানা মালিক। এর পরপরই একটি গুরুত্বপূর্ণ আন্দোলন শুরু হয় পশ্চিমা মানবাধিকারকর্মীদের মধ্যে। শুরু হয় টুইটারকেন্দ্রিক #Payup আন্দোলন। পশ্চিমা মিডিয়াগুলোতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর এই স্বেচ্ছাচারিতা নিয়ে রিপোর্টও প্রকাশ পেতে থাকে। পশ্চিমের মানবাধিকার কর্মীরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর ওপর সরাসরি চাপ তৈরি করতে থাকে। কোন ক্রেতাপ্রতিষ্ঠান কত টাকা আটকে দিয়েছে তা প্রকাশ করতে থাকে। এক্ষেত্রে বিজিএমইএও অগ্রগণ্য ভূমিকা নেয়। তারাও এ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত প্রকাশ করতে থাকে। সর্বশেষ, তারা যুক্তরাজ্যের এডিনবার্গ উলেন মিলস গ্রুপকে কালো তালিকাভূক্ত করার হুমকি দিয়ে ইমেইল পাঠায়।
বিজিএমইএ বিশ্বের অন্যান্য তৈরি পোশাক উৎপাদনকারী দেশসমূহের শিল্পমালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর মধ্যে প্রথম এমন একটি প্রকাশ্য অবস্থান নিলো। শ্রমিক ও নিজেদের স্বার্থরক্ষায় এমন ভূমিকা তাৎক্ষনিকভাবে সাধুবাদ জানিয়েছে পোশাক শিল্পমালিকেরা। বাংলাদেশের শ্রমিকদের শ্রমের মূল্য দিতে অস্বীকৃতি জানানো কোম্পানিগুলোর মধ্যে এডিনবার্গ উলেন মিলস গ্রুপ একটি ছোট উদাহরণ কেবল। বিশ্ব দরবারে সুনামের সঙ্গে ব্যবসায় করা এমন আরও অনেক কোম্পানি আছে, যারা কার্যাদেশের বিপরীতে অর্থ পরিশোধে অস্বীকৃতি জানাচ্ছে। নিজেদের অধিকার আদায়ে বিজিএমইএ ও বাংলাদেশের পোশাক শিল্পমালিকদেরকে এই কোম্পানিগুলোর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। এই দীর্ঘ লড়াইয়ে এখন বাংলাদেশের পোশাক শিল্পখাতের সবচেয়ে বেশি প্রয়োজন সরকার, সুশীলসমাজ ও শ্রমিকদের সহযোগিতা।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজের বাইরে প্রয়োজন তৎপর ট্রেড ডিপ্লোমেসি। কভিড-১৯ সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জগুলো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সরকার মধ্যপ্রাচ্যে বেকার প্রবাসী শ্রমিকদের দেশে ফেরান ঠেকাতে নানামুখী তৎপরতা চালিয়েছিল। তবুও শ্রমিকদের দেশে প্রত্যাবর্তন ঠেকানো সম্ভব হয়নি। পোশাক শিল্পরক্ষায় কূটনৈতিক চ্যালেঞ্জও পর্বতপ্রমাণ। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় তুলনামূলক সুবিধা নিয়ে কভিড-১৯ পরবর্তী সময়ে কীভাবে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারে তা নিয়ে আলাপ আলোচনা শুরু করা প্রয়োজন। আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরাম থেকে বাংলাদেশের শিল্পমালিকদের জন্য অর্থসহায়তা আদায়ের বিষয়েও কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড আর শিল্পমালিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে আইএলও। এই ধরনের উদ্যোগ ও ফোরামগুলোতে ট্রেড ডিপ্লোম্যাসি চালিয়ে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য অর্থসহায়তা নিশ্চিত করতে আরও সচেষ্ট হতে পারে বাংলাদেশ সরকার। এমনকি পোশাকশিল্প রক্ষায় বহুপাক্ষিক বিভিন্ন উদ্যোগ সূত্রপাতও করতে পারে বাংলাদেশ সরকার।
শ্রমিক সংগঠন ও নেতৃবৃন্দের উচিত কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক প্রভাব নিয়ে শ্রমিকদের সঙ্গে যথাসম্ভব প্রকাশ্যে কথা বলা। শ্রমিকদের বেতনভাতা দিতে ব্যর্থ হওয়ায় দুঃখজনকভাবে বাংলাদেশের স্বনামধন্য ও গ্রিন ফ্যাক্টরি হিসেবে খ্যাত অনেক প্রতিষ্ঠানই ভাঙচুরের মুখে পড়ছে। শ্রমিকদেরকে ভাঙচুর থেকে বিরত থাকতে গণমাধ্যমে অনুরোধ পর্যন্ত করেছে বিজিএমইএ।
শ্রমিকদের বেতনভাতার সমস্যা সমাধান জরুরি, তার চেয়েও জরুরি পরিস্থিতি সম্পর্কে উভয়পক্ষের ভালো বোঝাপড়া। বোঝাপড়া তৈরিতে ভূমিকা পালন করতে পারে দেশের মিডিয়া, শ্রমিক সংগঠন থেকে শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ। পাশাপাশি সুশীল সমাজের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্রমিকদের অধিকারের দাবিতে আন্দোলনরত সংগঠনগুলোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে কথা বলা প্রয়োজন। এদেশের কোটি মানুষের ভাগ্য উন্নয়নে, দরিদ্র বিমোচনে, নারী ক্ষমতায়নে পোশাক শিল্পের অবদানের কথাগুলো নতুন করে বিশ্ব দরবারে উপস্থাপনও প্রয়োজন। ‘Who make my cloths’ নামের একটি আন্দোলন ইউরোপে বেশ শক্তিশালী। আন্দোলনকারীরা পোশাক শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে এই আন্দোলনের মাধ্যমে। এর বিপরীতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে ‘I make your cloths’ নামের আন্দোলনও আছে। এর মাধ্যমে শ্রমিকদের জীবনে পোশাকশিল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয় ভোক্তাদের কাছে।
ইউরোপ-আমেরিকার ক্রেতারা শক্তিমান। তারাই সিদ্ধান্ত নেয় কোন পণ্যটি তারা কিনবে, কোন পণ্যটি কিনবে না। এই ক্রেতাদেরকে ওপর ভর করেই তৈরি হয়েছে আজকের হাজার কোটি ডলার আর্থিক মূল্যের ফ্যাশন ব্র্যান্ডগুলো। বিজিএমইএ এডিনবার্গ উলেন মিলস গ্রুপের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে যে অবস্থান নিতে পেরেছে, তাতে ভূমিকা আছে ইউরোপ-আমেরিকার ফ্যাশন ভোক্তাদের। তারাই চাপ প্রয়োগ করেছে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর। তাই, আমাদের দেশের সুশীলসমাজের সঙ্গে ইউরোপ-আমেরিকার ভোক্তাদের সুসম্পর্ক পোশাক শিল্পের একটা রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।
লেখক: প্রজেক্ট কো-অর্ডিনেটর, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ
প্রতিষ্ঠাতা, বেঙ্গল স্টোরিজ










