রাশিয়ার তাতারস্তান অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ জন। রুশ কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

তাতারস্তানের নিঝনেকামস্ক শহরে এ হামলা চালানো হয়। ইউক্রেন সীমান্ত থেকে শহরটির দূরত্ব ১ হাজার ১০০ কিলোমিটারের বেশি। শহরটিতে বেশ কয়েকটি বড় তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে।

হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতে শুরু হওয়া ড্রোন হামলা সকাল পর্যন্ত অব্যাহত ছিল। রাশিয়ার দাবি, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৪৫০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে।

হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে রুশ কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি। তবে সম্প্রতি রাশিয়ার যুদ্ধ পরিচালনায় অর্থ ও সরবরাহ ব্যবস্থায় ভূমিকা রাখে এমন স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন।

মস্কো জানিয়েছে, শিল্প স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও হামলা হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, সামরিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এমন বেসামরিক মানুষও সেখানে উপস্থিত ছিলেন। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

হামলার পর তাতারস্তানে শোক ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেনের সক্ষমতা বেড়েছে। এসব হামলায় প্রায়ই গুদাম, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হচ্ছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।

অন্যদিকে ইউক্রেনের শহর ও আবাসিক এলাকায় রাশিয়া নিয়মিত বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে কিয়েভে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যৌথ হামলায় ২১ জন নিহত হন।

-বিবিসি