২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানোর পর পুরো দেশে শুরু হয় উৎসবের আমেজ। এ ঐতিহাসিক জয়ের পর দেশটির প্রেসিডেন্ট নোবোয়া শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করেছে।
নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে জয়ের পর তিনি খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচকেও অভিনন্দন জানান। প্রেসিডেন্ট বলেন, কঠিন এক অভিযানে দলকে সফলভাবে নেতৃত্ব দেয়ার জন্য কোচ এবং পুরো দলই প্রশংসার দাবিদার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ। সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়েও তারা ঘুরে দাঁড়িয়েছে এবং পুরো দেশকে এই অসাধারণ আনন্দ উপহার দিয়েছে। আগামীকাল সাধারণ ছুটি! ইকুয়েডর দীর্ঘজীবী হোক।
এই জয় ছিল ইকুয়েডরের জন্য দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচের আগে তারা আইভরি কোস্টের কাছে ১-০ গোলে হেরেছিল এবং কুরাসাওর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ফলে শেষ ম্যাচে আগে থেকেই নকআউট নিশ্চিত করা জার্মানির বিপক্ষে ইকুয়েডরকে অনেকেই আন্ডারডগ হিসেবে দেখছিলেন।










