ইসরায়েলের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে বাস্তবে পাল্টা জবাব দেয়ার মতো খুব বেশি বিকল্প নেই তেহরানের কাছে। এমনটাই মনে করছেন, ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি জুলিয়ান বর্জার ।
ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, মার্কিন নৌযান ও সামরিক ঘাঁটিগুলো তাদের হামলার লক্ষ্য হবে। এই প্রেক্ষিতে জুলিয়ান বর্জার বলেন, গত কয়েক দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানের অনেক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তবে এখনো ইরানের স্বল্প পাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র বহর শক্তিশালী অবস্থানে রয়েছে।
মার্কিন বাহিনীও প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি তারা ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলজুড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বিমান প্রতিরক্ষা জোরদার করেছে, যাতে সম্ভাব্য হামলা প্রতিরোধ করা যায়। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করেছেন, ইরান পাল্টা হামলা করলে যুক্তরাষ্ট্র আরো গভীরভাবে যুদ্ধে জড়াবে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিই হামলার লক্ষ্য হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এছাড়া ইরানের ‘অক্স অব রেজিস্ট্যান্স’ নামে পরিচিত আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুদও ধ্বংস করেছে ইসরায়েল।
ইরানপন্থী ইরাকি গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহ হুঁশিয়ার করেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো এখন তাদের জন্য ‘শিকারভূমি’ হয়ে উঠবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যুক্ত হলে তারা লোহিত সাগরের মার্কিন জাহাজগুলোতে হামলা চালাতে পারে।
তবে এ ধরনের হামলায় ইরান মার্কিন পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে বলে মনে করেন জুলিয়ান বর্জার। কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
তেহরানের আরেকটি বিকল্প হলো পারস্য উপসাগরের মুখে অবস্থিত হরমুজ প্রণালী বন্ধ করা, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দামে বিশাল উল্লম্ফন ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে পারে ইরান। তবে একইসঙ্গে ইরান নিজেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেইসঙ্গে পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকেও যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।
সব দিক বিবেচনায়, তেহরান হয়তো তাৎক্ষণিক প্রতিশোধ না নিয়ে দীর্ঘ মেয়াদে প্রতিক্রিয়ার কৌশল বেছে নিতে পারে।










