যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম একশ ডলার পার হলো।
ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম এক লাফে ছয় শতাংশ বেড়ে যায়।
এদিন রাত সাড়ে ৯টার দিকে ওয়েলপ্রাইস ডটকমের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৯ ডলারে ছিল। একই সঙ্গে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৩৪ সেন্টে ছিল।
মূলত ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল।










