বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এ বছরের প্রতিপাদ্য ‘রিজেনারেটিং দ্য সিটি: অ্যাডিকুয়েট হাউজিং ফর অল’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নগরকে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তোলা, সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং নাগরিকসেবার মান উন্নয়ন করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নগরায়ণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অপরিকল্পিত নগরায়ণ, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ, আবাসন সংকট এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে নগরের উন্নয়ন কার্যক্রমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
সরকার সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত স্থানিক পরিকল্পনা, কার্যকর ভূমি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং নাগরিকসেবার মানোন্নয়ন জরুরি। নগর উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরবাসীর সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, বিদ্যমান নগর এলাকার পরিবেশ ও নাগরিক সুবিধার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। জলাধার সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উন্নয়ন এবং পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন চাহিদা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে।
আমি বিশ্বাস করি, সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন কর্তৃপক্ষ, বেসরকারি খাত এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য হবে এমন নগর প্রতিষ্ঠা করা, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন এবং প্রয়োজনীয় নাগরিকসেবা পাবেন।
বিশ্ব নগর দিবসে আমাদের অঙ্গীকার হোক, পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।










