সিলেট টেস্টে ১০২ রানে নিউজিল্যান্ডের ৭ উইকেট তুলে নিয়ে জয় দেখছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ জয়োৎসব করতে টাইগার বোলারদের নিতে হবে আর মাত্র ৩টি উইকেট। আজ শুক্রবার ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কিউইরা ৭ উইকেটে ১১৩ রান নিয়ে চতুর্থ দিন মাঠ ছাড়ে। ড্যারিল মিচেল ৪৪ ও ইস সোধি ৭ রানে অপরাজিত আছেন।

  

স্পিনার তাইজুল ইসলাম একাই ৪ উইকেট নিয়ে কিউইদের বড় ক্ষতিটা করেন। এছাড়া শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।

 

আজ সকালে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ১০৫ রান। প্রথম বাংলাদেশী হিসেবে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করা শান্ত আজ নামের পাশে আর মাত্র ১ রান যোগ করে টিম সাউদির শিকার হয়ে ফেরেন সাজঘরে। তিনি টম ব্লান্ডেলকে ক্যাচ দেন।

 

এছাড়া ৪৩ রান দিয়ে দিন শুরু করা মুশফিকুর রহিম থেমেছেন ৬৭ রানে। আর শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ৭৬ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন। কিউই স্পিনার আজাজ প্যাটেল চারটি ও ইস সোধি দুটি উইকেট নেন।

 

এরপর ৩৩২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই শরিফুল ইসলামের শিকার হন কিউই ওপেনার টম ল্যাথাম। তিনি উইকেটকিপার নুরুল হাসানকে ক্যাচ দেন। দশম ওভারের শেষ বলে কেন উইলিয়ামসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। ১৩তম ওভারে মিরাজের আঘাতে পতন ঘটে হেনরি নিকোলসের। তিনি ক্যাচ তুলে দেন নাঈম হাসানকে।

 

৩ উইকেটে ৩৭ রান নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। ফেরার পর দ্রুতই ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। শাহাদাত হোসেন দিপুকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। এরপর টম ব্লান্ডেল মাত্র ৬ রান করে তাইজুলের শিকার হন। 

 

৩৫তম ওভারে ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাঈম হাসান। রিভিউ নিয়ে সফলতা পায় বাংলাদেশ (৮১/৬)। কাইল জেমিসনকে নিয়ে দলের সংগ্রহটা একশ পার করান মিচেল। ৪৪তম ওভারে দীর্ঘদেহী এই ব্যাটার তাইজুলের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন (১০২/৭)।

 

অষ্টম উইকেটে মিচেলের সঙ্গে যোগ দেন সোধি। এ দুজন ৫.৩ ওভারে ১১ রান যোগ করার পর আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ টেস্টের মধ্যে মাত্র একটি জয় বাংলাদেশের। গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল টাইগাররা। সিলেটে তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।