২০২০ সাল বেশ আশ্চর্যজনক ঘটনা উপহার দিয়ে চলেছে। সে যাত্রায় পিছিয়ে থাকল না টেনিসও। সেখানেও এবার দেখা মিলেছে ‘অবিশ্বাস্য’ এক দৃশ্যের। লাইন জাজ অফিশিয়ালকে বল দিয়ে আঘাত করে ইউএস ওপেন থেকে বহিষ্কার হয়েছেন সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছিল আঘাত করার ঘটনাটা ইচ্ছাকৃত ছিল না। কিন্তু নিয়মের ফাঁদে পড়ে শেষ হয়ে গেল ‘জোকার’র আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন।
রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল না থাকায় এবারের ইউএস ওপেন নিশ্চিত ফেভারিট ছিলেন জকোভিচ। সে লক্ষ্যে বাধা পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। যেখানে তার প্রতিপক্ষ ছিল ক্যারেনো বাস্তা। এদিন প্রথম সেটে ৬-৫ গেমে পিছিয়ে পড়ে একটু হতাশ হয়ে পড়েছিলেন জকোভিচ। সেই হতাশায় তার জন্য কাল হলো। না দেখেই বল মেরে বসেন পেছন দিকে, যা সোজা গিয়ে আঘাত করে লাইন জাজকে। সাথে সাথেই অবশ্য দৌড়ে গিয়েছিলেন জকোভিচ। এসেছেন অন্যান্য ম্যাচ অফিশিয়ালরাও। তাৎক্ষণিকভাবে ক্ষমাও চান জকোভিচ। এরপর অফিশিয়ালদের সঙ্গে চলে দীর্ঘ আলাপ। কিন্তু তাতেও নিজের কোন লাভ হয়নি। বহিষ্কৃত হয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
পরে অবশ্য নিজের রাগ প্রকাশের ধরন নিয়ে ক্ষমাও চান জকোভিচ। তিনি বলেন, পুরোটা ঘটনাটা আমাকের বিহ্বল ও বিষণ্ন করেছে। আমি লাইনপারসনের খোঁজখবর নিয়েছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি সুস্থ আছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত তার এমন উদ্বেগের কারণ হওয়ায়। একেবারেই উদ্দেশ্যহীন ঘটনা ছিল। খুবই ভুল কাজ ছিল। আর আমার বহিস্কার হওয়া নিয়ে বলতে হলে, আমাকে আমার হতাশা নিয়ে কাজ করতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।










