স্পিনিং অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের চোটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার মার্নুস লাবুশেন। যদিও চোটগ্রস্ত ব্যাটার ট্রাভিস হেডকে বিশ্বকাপের প্রথমার্ধ পর্যন্ত দলের সঙ্গেই রাখা হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার সময় হাতের চোটে পড়েন অ্যাগার ও হেড। অ্যাগার সেখান থেকেই দেশে ফিরে যান। তার খেলার সম্ভাবনা ক্ষীণ বলে এ সুযোগে স্পিনার না নিয়ে ইনফর্ম ব্যাটার লাবুশেনকে নিল অজিরা। এদিকে চোট সত্ত্বেও হেডকে দলের সঙ্গে রাখা হয়েছে এটা জেনে যে বিশ্বকাপের প্রথমার্ধে তাকে পাওয়া যাবে না। তবে অস্ত্রোপচার করা লাগবে না বলেই তাকে পরের অর্ধে খেলানো যাবে, এ আশায় স্কোয়াডে রাখা হয়। ২০২২ সালের মার্চ থেকে ৬০.৮৪ গড়ে ও ১১৯.৮৪ স্ট্রাইক রেটে ৭৯১ রান করেছেন হেড।