বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে টসে জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং বেছে নিল অস্ট্রেলিয়া। আহমেদাবাদে আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি।

টানা ১০ জয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জোরালো করেছে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জেতার রেক্ড।

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জয় করে ভারত। ২৮ বছরের অপেক্ষা শেষে ২০১১ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলংকাকে হারিয়ে ‘মেন ইন ব্লু’রা পায় দ্বিতীয় বিশ্ব শিরোপার স্বাদ। আজ তাদের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। এ পথে বাধা বিশ্বকাপের পরাশক্তি অস্ট্রেলিয়া।

২০০৩ সালে জোহানেসবার্গ ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভারতের সামনে সেই হাতছানি। সেবার ভারত মাত্র দুটি ম্যাচ হেরেছিল, দুটিই অস্ট্রেলিয়ার কাছে। গ্রুপ পর্বে হারের পর ফাইনালেও অজিদের কাছে পরাজিত হন সৌরভরা। এবার গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছে প্যাট কামিন্সের দল। আজ ফাইনালেও ফেভারিট হিসেবে নামছে স্বাগতিকরা। এমন মিল দেখার পরই প্রতিশোধের হিসাব-নিকাশটা বাড়তে শুরু করেছে। 

সেবার দুই দল খেলেছিল নিরপেক্ষ ভেন্যুতে। এবার লড়াইয়ের ময়দানটা ভারতের। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোয়া লাখেরও বেশি দর্শক আজ বিশ্বকাপ ফাইনাল দেখবেন, যার বেশির ভাগই কিন্তু গলা ফাটাবেন ভারতের হয়ে। সেই তুলনায় অজি সমর্থক থাকবেন মুষ্টিমেয়। গ্যালারির লড়াইয়ে ভারতের জয় নিশ্চিতই।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।