বছরের শেষ গ্র্যান্ড স্লাম আসর ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে আজ মুখোমুখি হবেন ইতালির ইয়ান্নিক সিনার ও স্পেনের কার্লোস আলকারাজ। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে শিরোপার লড়াই হবে বিশ্বের ১ ও ২ নম্বর র্যাংকধারী খেলোয়াড়ের মধ্যে। ২৪ বছর বয়সী সিনার খেলবেন ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপার আশায়, আর ২২ বছর বয়সী আলকারাজের লক্ষ্য ষষ্ঠ মেজর শিরোপা। বাংলাদেশ সময় রাত ২টার পর শুরু হবে ছেলেদের এককের শিরোপা নির্ধারণী লড়াই।
গতকাল ভোরে বর্তমান চ্যাম্পিয়ন সিনার সেমিফাইনালে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে। তার আগে গতকাল ভোরে প্রথম সেমিফাইনালে ২৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান দ্বিতীয় র্যাংকধারী খেলোয়াড় আলকারাজ।
ফ্লাশিং মিডোতে টানা দ্বিতীয় শিরোপার কাছাকাছি সিনার। রজার ফেদেরার টানা পাঁচটি (২০০৪-০৮) ইউএস ওপেন জিতেছিলেন। সেই থেকে আর কেউই টানা দুবারও ইউএস ওপেন শিরোপা জিততে পারেননি। এবার সিনারের সামনে টানা দুবার শিরোপা উদযাপনের সুযোগ এসেছে।
চলতি বছর উইম্বলডন ফাইনালে আলকারাজকে হারিয়েছেন সিনার। তার আগে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে তিনি স্প্যানিশ তারকার কাছে হেরেছেন। আজ চলতি বছর টানা তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে মুখোমুখি হবেন দুজন। এটিপির পরিসংখ্যান বলছে, টেনিস ইতিহাসে এই প্রথম ছেলেদের এককে টানা তিনটি গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হবেন সিনার ও আলকারাজ।
আলকারাজের কাছে হেরে টেনিসের গ্রেট জোকোভিচ দুই ফাইনালিস্টকে নিয়ে বলেছেন, ‘এই দুজন খেলোয়াড়, বর্তমানে বিশ্বের সেরা।’
আর্থার অ্যাশ স্টেডিয়ামে আজ ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকছেন দর্শকের আসনে। এছাড়া চলচ্চিত্র, রাজনীতি, খেলাধুলাসহ নানা অঙ্গনের তারকাদের সামনে ইউএস ওপেনের মুকুটের জন্য লড়বেন বিশ্বের দুই সেরা খেলোয়াড়।
এ নিয়ে সিনার বলেন, ‘এমন প্রতিদ্বন্দ্বিতা খেলার জন্যই ভালো, আশা করি ভালো ম্যাচ হবে। আমি এমন একজন যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি সব সময়ই এমন পজিশনে নিজেকে নিয়ে যাওয়ার জন্য খেলতে ভালোবাসি। এটা খুবই বিশেষ দিন। আরেকটি অবিশ্বাস্য ফাইনাল।’
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছেন আলকারাজ। ১৪ বারের মুখোমুখিতে আলকারাজ নয়টিতে জিতেছেন, যার মধ্যে ২০২৫ সালে চার দেখায় তিনবার জিতেছেন তিনি। ২০২৪ সালের শুরু থেকে যেকোনো প্রতিপক্ষের সঙ্গে সিনারের রেকর্ড ১০৯-৪ হলেও আলকারাজের সঙ্গে ১-৬। তবু সিনারকে সমীহ করছেন আলকারাজ। ফাইনালের প্রতিপক্ষ হিসেবে তাকে নিয়ে স্প্যানিশ তারকা বলেন, ‘সত্য বলতে কী, তার বিপক্ষে খেলা সহজ নয়। তার যে অর্জন, তাতে আমি তো একজন কিংবদন্তিকে দেখতে পাই। এটা না ভাবার কোনো কারণ নেই।’
ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে গিয়ে ৩৮ বছর বয়সী জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের অপেক্ষা আরেকটু বাড়ল। তবে তিনি এখনই থামছেন না। হারের পর বলেছেন, ‘আমি এখনো গ্র্যান্ডস্লাম খেলে যেতে চাই এবং আগামী পুরো গ্র্যান্ডস্লাম মৌসুম খেলতে চাই। দেখা যাক, সেটি পরিকল্পনামতো এগোয় কিনা। তবে স্ল্যাম তো স্ল্যাম, সেটি অন্য টুর্নামেন্টের চেয়ে আলাদা। তারা এ খেলাটির স্তম্ভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।’
এদিকে গতকাল রাতে ইউএস ওপেনে নারী এককের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কা ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম ও ইউএস ওপেনে টানা দ্বিতীয় শিরোপার জন্য খেলেন।
২০২৫ সালে এটা ছিল সাবালেঙ্কার তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ম্যাডিসন কিজের কাছে ও জুনে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে কোকো গাফের কাছে হেরেছেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালে তিনি যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারান। এবার তিনি পেগুলাকে হারান সেমিফাইনালে।
গত জুলাইয়ে উইম্বলডন সেমিফাইনালে হেরে বিদায় নেন সাবালেঙ্কা। তখন এ আনিসিমোভার কাছে হেরেছিলেন তিনি। এবার ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হন দুজন।










