আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সে হারের প্রতিশোধ নিল আফগানরা। তা-ও রেকর্ড ২০০ রানের বিশাল ব্যবধানে মিরাজদের হারাল হাশমতুল্লাহ শহিদির দল।
টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান। আবুধাবিতে গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে রীতিমতো গুঁড়িয়ে দিল তারা। টস জিতে ব্যাটিং নেয়া দলটি ইব্রাহিম জাদরান (১১১ বলে ৯৫ রান) ও মোহাম্মদ নবির (৩৭ বলে ৬২) ব্যাটে ভর করে তিনশ ছুঁই ছুঁই (২৯৩/৯) সংগ্রহ গড়ে। জবাব দিতে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই আফগানদের সবচেয়ে বড় জয়। এর আগের বড় জয়টা ছিল ১৪২ রানে। ২০২৩ সালে চট্টগ্রামে স্বাগতিকদের ১৪২ রানে হারিয়েছিলেন নবি, রশিদ খানরা। স্পিন কিং রশিদ খান আগের ম্যাচে নিয়েছিলেন ১৭ রানে ৫ উইকেট। গতকাল শেষ ম্যাচে নেন ১২ রানে ৩ উইকেট। এছাড়া বিলাল সামি ৩৩ রানে নেন ৫ উইকেট।










