অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য ফেরা! লক্ষ্ণৌতে আজ সোমবার বিশ্বকাপ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলংকা দুর্দান্ত সূচনা করে। একটি পর্যায়ে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৬.১ ওভারে ১৫৭/১। এরপর অজিদের দুর্দান্ত বোলিংয়ে ৫১ রানের মধ্যে বাকি ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় সিংহলিজরা।

দাসুন শানাকা চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিংহলিজদের নেতৃত্ব দিচ্ছেন ব্যাটার ও উইকেটকিপার কুশল মেন্ডিস। শ্রীলংকা দলে দুটি পরিবর্তন। শানাকার জায়গায় এসেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলার মাথিসা পাথিরানার জায়গায় এসেছেন লাহিরু কুমারা। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাঁচা-মরার ম্যাচে।

দুই দলই দুটি করে ম্যাচ হারায় আজ জিততে মরিয়া। বাঁচা-মরার এই ম্যাচে ওপেনিং জুটিতে ১২৫ রান তুলে শ্রীলংকাকে দুর্দান্ত সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২২তম ওভারে ব্যক্তিগত ৬১ রানে প্যাট কামিন্সের শিকার হন নিশাঙ্কা। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন কুশল পেরেরাও। তিনি ৮২ বলে ৭৮ রান করেন ১২টি বাউন্ডারির সাহায্যে। এরপর বিপর্যয় শুরু। ১৫৭/১ থেকে দেখতে না দেখতেই শ্রীলংকার স্কোরটা রূপ নেয় ৪৩.৩ ওভারে ২০৯/১০।

কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা ছাড়া শুধু চারিথ আসালঙ্কাই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে অসহায় এই ব্যাটার ৩৯ বলে ২৫ রান করেন।

লংকানদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ৮ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ৯.৩ ওভারে মাত্র ৩৬ রানের খরচায় নেন ১টি উইকেট।

৩২.১ ওভার ও ১৭৮/৪ স্কোরের সময় বৃষ্টিতে খেলা বেশ কিছু সময় বন্ধ ছিল। বৃষ্টি থামলে খেলা শুরুর পর দ্বিতীয় বলেই স্টার্কের গতিতে পরাস্ত হয়ে বোল্ড ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর ১১.২ ওভারের মধ্যে বাকি উইকেটগুলো হারিয়ে ফলে সিংহলিজরা।  

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে টানা হেরেছে ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অজিরা। লক্ষ্ণৌতে আজ দুই দলেরই লক্ষ্য প্রথম জয়।

১০২টি ওয়ানডে ম্যাচের মুখোমুখি লড়াইয়ে অজিরা ৬৩টি জয়ে এগিয়ে রয়েছে সুস্পষ্ট ব্যবধানে, আর লংকানরা জিতেছে ৩৫টি। যদিও গত বছর সর্বশেষ ওয়ানডে সিরিজটা ৩-২-এ জিতেছে শ্রীলংকা।

ওয়ানডে বিশ্বকাপেও ১১ বারের মুখোমুখিতে আধিপত্য করে এসেছে অজিরা। তারা আটটিতে জয়ের কৃতিত্ব দেখায়। অন্যদিকে, শ্রীলংকা জিতেছে দুটি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।