লিওনেল মেসি নামতে পারেনি মাঠে। সে সুযোগটা লুফে নিতে ভুল করেনি হিউস্টন ডায়নামো। মেসিবিহীন ইন্টার মিয়ামিকে ২-১ ব্যবধানে হারিয়ে তুলে নিল ইউএস ওপেন কাপের শিরোপা। খবর এপি।

খেলার প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মিয়ামি। জোসেফ মার্টিনেজ দ্বিতীয়ার্ধে একটি গোল করলেও সেটা শেষ হাসি হাসাতে পারেনি।

পায়ের ইনজুরির কারণে মিয়ামির নিয়মিত তালিকায় ছিলেন না মেসি। নিজের দেশ আর্জেন্টিনা ও ক্লাব ইন্টার মিয়ামি মিলিয়ে শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই অনুপস্থিত ছিলেন। পরবর্তী ম্যাচে তাকে দেখা যাবে কিনা, সেটাও এখনো নিশ্চিত নয়।

৩৬ বছর বয়সী এ তারকা আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারেননি ১২ সেপ্টেম্বর। আর্জেন্টিনা জয় তুলে নিতে পারলেও মিয়ামি হাড়ে হাড়ে টের পেয়েছে মেসির না থাকাকে। এর আগে ১৬ সেপ্টেম্বর মেসিবিহীন ম্যাচে ইন্টার মিয়ামি আটলান্টা ইউনাইটেডের কাছে ৫-২ ব্যবধানে হারে। আর হিউস্টনের কাছে হাতছাড়া করেছে শিরোপা।

খেলার এক ঘণ্টা আগেও সেকেন্ডারি মার্কেটে টিকিটের দাম ছিল ১৪৫ থেকে ৪ হাজার ডলার পর্যন্ত। মেসির ম্যাজিক দেখার জন্য উন্মুখ হয়ে থাকা ভক্তরা শেষ অবধি হতাশ হয়ে ঘরে ফিরেছে।

হিউস্টনের জন্য এটি দ্বিতীয় ইউএস ওপেন কাপ শিরোপা। এর আগে ক্লাবটি ২০১৮ সালে শিরোপা জেতে।

এর আগে মেসির অবর্তমানে অরলান্ডো সিটিকেও হারাতে পারেনি মিয়ামি। খেলা শেষ হয়েছিল ১-১ গোলের ড্র নিয়ে।

আড়াই বছরের জন্য ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। এখন পর্যন্ত ১২টি ম্যাচে তাকে দেখা গেছে। যার অধিকাংশই লিগ কাপ ও ইউএস ওপেন কাপ শিরোপা। মেসি এখন পর্যন্ত ১১টি গোল দিয়েছেন। আরো ৮টিতে অ্যাসিস্ট করেছেন।