আর্জেন্টাইন খেলোয়াড় নাদিয়া পদোরস্কার স্বপ্নযাত্রা থামিয়ে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন পোলিশ খেলোয়াড় ইগা সুইয়াটেক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে ৬-২, ৬-১ গেমের জয় তুলে নেন ১৯ বছর বয়সী ইগা। পরের সেমিফাইনালে চেক তারকা পেত্রা কেভিতোভাকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে ফাইনালের টিকিট পান যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। শনিবার সন্ধ্যায় রোলাঁ গারোঁয় পোলিশ-আমেরিকান ফাইনাল।
ইগা মাত্র ৭০ মিনিটে হারিয়ে দেন পদোরস্কাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন তিনি। এর আগে গ্র্যান্ড স্লামে তার সর্বোচ্চ সাফল্য ছিল চতুর্থ রাউন্ড। ২১ বছর বয়সী কেনিনের জন্য অবশ্য এটা প্রথম ফাইনাল নয়। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন তিনি। এখন তাকে হাতছানি দিচ্ছে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
ইনফর্ম কেনিনকে নিয়ে ইগার মূল্যায়ন, ‘এ বছর কেনিন দুর্দান্ত ফর্মে আছেন। আমি অবশ্য এ নিয়ে ভাবতেও চাই না। আমি ফাইনালে উঠতে পেরেই খুশি।’
সূত্র: বিবিসি










