গত ৩ সেপ্টেম্বর বসুন্ধরা
কিংস এরেনায় সফরকারী আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন ড্র করা বাংলাদেশ আজ
বৃহস্পতিবার মাঠে নেমেছিল জয়ের আশায়। যদিও স্বাগতিকরা মাঠ ছাড়ল ১-১ গোলে ড্র করে।
প্রথমার্ধ গোলশূন্য কাটার
পর ৫৩ মিনিটে জাবার শারজাহর গোলে লিড নেয় আফগানরা। ঢাকার মাঠে খেলা ওমিদ পোপালজাইয়ের
কর্নারে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো হেডে গোল করেন জাবার। যদিও মাত্র ১০ মিনিট
স্থায়ী ছিল অতিথি দলের লিড। ৬৩ মিনিটে শেখ মোরসালিনের গোলে সমতা আনে বাংলাদেশ। বিশ্বনাথ
ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক পাস দেন মোরসালিনকে। ৬ গজ দূরত্ব থেকে এই ফরোয়ার্ড
অনেকটা ফাঁকায় বল জালে জড়ান। এটা জাতীয় দলের হয়ে তার তৃতীয় গোল।
ম্যাচের ১৬ মিনিটের সময়
ডাগ আউটে দেখা দেয় উত্তেজনা। একটি ফাউলকে কেন্দ্র করে বাদানুবাদে জড়ান বাংলাদেশ দলের
সহকারী কোচ হাসান আল মামুন ও আফগানিস্তানের হেড কোচ আব্দুল্লাহ আর মুতাইরি। মুতাইরি
বারবার স্বাগতিকদের টেন্টের দিকে তেড়ে আসছিলেন। একপর্যায়ে রেফারি এই দুই কোচকে লাল
কার্ড দেখালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দ্বিতীয়ার্ধে
একের পর আক্রমণে গিয়েও গোল আদায় করে নিতে পারছিল না বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয় ম্যাচে
ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজদের।
ড্র শেষে বাংলাদেশ অধিনায়ক
জামাল ভূইয়া বলেন, ‘আমরা এবার প্রথম ম্যাচে ভালো সুযোগ পেয়েছি। আজও পেয়েছিলাম। আজ আমরা
আধিপত্য করেছি। আগের চেয়ে দল (বাংলাদেশ) ভালো খেলছে, অনেক উন্নতি করেছে।’
দলের কোচ হাভিয়ের কাবরেরা
বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। আমরা যে উন্নতির মধ্যে আছি তা ম্যাচে দেখা গেছে। সামনে
বিশ্বকাপ বাছাই রয়েছে। সেখানে ভালো করার চেষ্টা থাকবে।’










