নিউজিল্যান্ড প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ৮১ রানে হেরেছে পাকিস্তানের কাছে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কিউইরা আজ সোমবার (৯ অক্টোবর) খেলবে ডাচদের বিপক্ষে। চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের খোঁজে নামছে টানা দুই আসরের রানার্সআপরা। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে কিউই-ডাচ দ্বৈরথ।

মুখোমুখি লড়াইয়ে কখনই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। এখন পর্যন্ত চার ম্যাচের লড়াইয়ে প্রতিবারই জিতেছে কিউইরা। প্রথম দেখা ১৯৯৬ সালের বিশ্বকাপ ম্যাচে। ভারতের ভদোদরায় ওই ম্যাচে ডাচরা ১১৯ রানে হেরে যায়। ২৬ বছর পর ২০২২ সালে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয় দুটি দল। কিউইরা ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে ইউরোপের দলটিকে। ম্যাচগুলোতে যথাক্রমে ৭ উইকেট, ১১৮ রান ও ১১৫ রানের জয় পায় কিউইরা। এছাড়া টি২০ ক্রিকেটে তিনবারের দেখায় কখনো জেতা হয়নি ডাচদের।

যদিও ডাচদের হালকাভাবে নেবে না কিউইরা। বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রেখেছে স্কট এডওয়ার্ডসের দল। বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩৮ রানের মধ্যে পাকিস্তানের তিন উইকেট তুলে অঘটনের ইঙ্গিত দিচ্ছিল তারা। যদিও সৌদ শাকিল ও মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে শেষ পর্যন্ত ২৮৬ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। তাতে বিপদও হয়নি বাবর আজমের দলে। বাস ডি লিডি ও বিক্রমজিৎ সিং ব্যাট হাতে চোখ রাঙাচ্ছিলেন পাকিস্তানকে। অবশ্য শেষ রক্ষা হয়নি।

ডাচরা আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। যদিও সামনে পরাশক্তি নিউজিল্যান্ড, যারা ২০১৬ সাল থেকে সবগুলো আইসিসি ইভেন্টের ন্যূনতম সেমিফাইনাল খেলেছে। ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে টানা ফাইনাল খেলে কিউইরা। এবারের আসরে প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দলটি এখন ভীষণ চনমনে। আজ টিম সাউদি ও লোকি ফার্গুসন একাদশে ফিরবেন বলে তাদের শক্তি বাড়বে। অধিনায়ক উইলিয়ামসনকে এখনই খেলাবে না কিউইরা, আরো কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। গতকাল কিউই কোচ গ্যারি স্টিড এই তথ্য জানান।

স্টিড বলেন, ‘লোকি ফার্গুসন খুব ভালো অনুশীলন করেছে, আগামীকাল (আজ) সকালে তাকে পাওয়া যাবে। টিম সাউদিও খুব ভালো অনুশীলন করেছে। তাকে বোলিং ক্রিজে দেখতে পারা আনন্দের। সে কিছু সময় ফিল্ডিংও করেছে। আজ (গতকাল) সকালে শেষবারের মতো একটি এক্স-রে করা হবে তার। আশাকরি, টুর্নামেন্টের বাকিটা সময় তাকে পাব আমরা।’