আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই উইকেটে সুবিধা করতে পারেনি টাইগাররা। সে কারণেই রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এতে বড় ব্যবধানে হারতে হয়েছে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ২ বলে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন, গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, এজন্য টস জয়টা ভাল ছিল। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল কিন্তু আমাদের শুরুটা ভাল হয়নি।
তিনি বলেন, আপনি যখন তাদের সুযোগ দেবেন তারা অবশ্যই আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন। এমন কন্ডিশন সাধারণত বল সুইং করার জন্য আদর্শ। কিন্তু পেসাররা সেটি করতে না পারায় ইংল্যান্ড ওপেনার মালান অনায়াসে রান করে গেছে।
টাইগার অধিনায়ক বলেন, আমাদের ভালো পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। বল ভালোভাবে সুইং করছিল, সঠিক জায়গায় বোলিং করা এবং মোমেন্টাম ধরা প্রয়োজন ছিল। কিন্তু তারা একবার মোমেন্টাম পাওয়ার পর তাদের আটকানো কঠিন ছিল। এটি একটি বড় টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আসছে। নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কাজগুলো সঠিকভাবে করতে হবে।
নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি বলে স্বীকার করেছেন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেয়া তাসকিন আহমেদ। তিনি বলেন, কন্ডিশন পেস বোলারদের পক্ষে থাকার পরও সেটি আমরা কাজে লাগাতে পারিনি, এটি আমাদেরই ব্যর্থতা। আমি এটিকে অজুহাত হিসাবে দাঁড় করাতে চাই না। আমরা ভালো করতে পারিনি এবং এতটুকুই। তবে আমরা ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করব।










