বর্ণবাদের কারণে ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। সেই ধাক্কা কাটিয়ে অনেক দিন ধরেই ক্রিকেটের শীর্ষ দলগুলোর একটি হিসেবে দাপট দেখাচ্ছিল তারা। কিন্তু এখন এসে আবারো অস্তিত্ব সংকটে পড়ল দেশটির ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) নিয়ন্ত্রণ দেশটির সরকার নিয়ে নেয়ার ঘোষণা আসার পরই দেখা দিয়েছে এমন সংকট। এমনকি আশঙ্কা রয়েছে আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ারও। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়ম অনুসারে দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ অবৈধ। 

এর আগে দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এবং অলিম্পিক কিমিটি থেকে যৌথভাবে সিএসএ কর্তাদের একটি চিঠিতে সরে যাওয়ার নির্দেশ দেয়। বোর্ডের কর্তাদের সরিয়ে অলিম্পিক কমিটি সেখানে একটি টাস্ক টিম নিয়োগ দেবে। যারা কিনা সিএসএ’র কার্যক্রম তদন্ত করবে। মূলত বোর্ডের মধ্যে চলমান অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে এ পথ বেছে নিয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও এমন সিদ্ধান্ত মেনে নেয়নি প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আইনি পথে সমাধান খোঁজার কথা ভাবছে তারাও।

এখন অবশ্য অপেক্ষা প্রোটিয়া সরকার ও বোর্ডের এ লড়াইয়ে আইসিসি কি ভূমিকা গ্রহণ করে সেটা দেখার।

সূত্র: ক্রিকইনফো