মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে আজ শনিবার (২২ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে
২৫৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং নেয়া কিউইরা ৪৯.২
ওভারে ২৫৪ রানে অলআউট হয়েছে।
মুস্তাফিজুর
রহমান শুরুতেই দুই উইকেট নিয়ে কিউইদের চাপে রাখেন। এরপর অভিষিক্ত পেসার খালেদ আহমেদ
ও স্পিনার শেখ মেহেদী হাসান উভয়ই তিন উইকেট নিয়ে অতিথি দলকে আড়াইশ রানের কাছাকাছি আটকে
দেন। নাসুম আহমেদ ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট। নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল
৬৬ বলে ৬৮ ও হেনরি নিকোলস ৬১ বলে ৪৯ রান করেন। শেষ দিকে ইস সোধি (৩৫), কাইল জেমিসন
(২০), কোল ম্যাককঞ্চি (২০) ও লোকি ফার্গুসন (১৩) দলের সংগ্রহটা ভদ্রস্থ করেন।
৩৬
রানে তিন উইকেট পতনের পর ব্লান্ডেল ও নিকোলস চতুর্থ উইকেটে ১১১ বলে ৯৫ রান তুলে বিপর্যয়
সামাল দেন।
উইকেটকিপার
ব্যাটার নুরুল হাসান সোহান ও চোটে পড়া বোলার তানজিম হাসান আজ একাদশে নেই। তাদের জায়গায়
এসেছেন দুই পেস বোলার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ওয়ানডেতে আজ অভিষেক ঘটেছে খালেদের।
অভিষেকে প্রথম ওভারেই উইকেট শিকার করেছেন খালেদ। অষ্টম ওভারের পঞ্চম বলে চ্যাড বায়োজকে
স্কয়ার লেগে তৌহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। পরে আরো দুটি উইকেট শিকার
করেন তিনি।
তার
আগে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে টালটামাল নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে উইল ইয়াংকে
ও সপ্তম ওভারে ফিন অ্যালেনকে ফেরান তিনি।
এর আগে একই মাঠে বৃহস্পতিবার
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। টস হেরে আগে ব্যাটিং করতে নামা কিউইরা
একাধিকবার বৃষ্টি বাধায় পড়ে। অতিথিরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তোলার পর বৃষ্টিতে
খেলা একেবারেই বন্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মুস্তাফিজুর
রহমান ৭ ওভার বোলিং করে এক মেডেনসহ ২৭ রানের খরচায় নেন ৩টি উইকেট।










