চীনের অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে  ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাংজুতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাঁচ উইকেটে জেতেন নিগাররা।

এ নিয়ে দুইবার এশিয়ান গেমসে স্থান করে পেল নারী ক্রিকেট। আর দুই আসরেই ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। অবশ্য এবারের আয়োজনে এটিই দেশের জন্য প্রথম কোনো পদক।

আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্পিনে নাকাল হয় পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে সমর্থ হয়। স্বর্ণা আক্তার ১৬ রানে তিনটি, সানজিদা আক্তার মেঘলা দুটি এবং মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন। জবাবে স্বর্ণা (১৪*), শামীমা সুলতানা (১৩) ও সাথী রানীর (১৩) ব্যাটে ভর করে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের নাসরা সাঁধু ১০ রানে তিনটি উইকেট নেন।

আজ স্বর্ণের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলংকা।