শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। তবে নিজেদের মাঠে খেলতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। সিরাজে এক ওভারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলংকার ব্যাটিং লাইনআপ। এ ওভার তিনি তুলে নেন ৪ উইকেট। পরের ওভারে তুলে নেনে আরো এক উইকেট। এ প্রতিবেদন লেখার সময় শ্রীলকার সংগ্রহ ছিল ৩০/৬।

সিরাজের ব্যক্তিগত ২য় ওভারে কোণঠাসা হয়ে যায় লংকানরা। ওই ওভারের প্রথম বলে ড্রাইভ করতে চেয়েছিলেন পাতুম নিশাঙ্কা, কিন্তু যেভাবে চেয়েছিলেন সেভাবে হয়নি। বল গেছে পয়েন্টে। ডানদিকে ড্রাইভ দিয়ে ক্যাচ নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জাদেজা। ১৯ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। সিরাজের পরের বলে ডট যায়। 

তার তৃতীয় বলে সামারাবিক্রমার ইনসাইড-এজ ফাঁকি দিয়ে আঘাত করেছিল প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফিরলেন সামারাবিক্রমা। ৮ রানেই ৩ উইকেট হারিয়ে চরম বিপদে শ্রীলঙ্কা!  অফ স্টাম্পের বাইরে ফুললেংথের চতুর্থ বল করলেন সিরাজ। ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলেছেন আসালাঙ্কা। এতে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় সিরাজের। কিন্তু হ্যাটটট্রিক বলে পাঞ্চ করেছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। সেটি গিয়েছিল লং অনে। বোলিংয়ের ফলো থ্রু থেকে নিজেই ছুটেছিলেন সিরাজ। সঙ্গে অবশ্য গিয়েছিলেন কিষানও। তবে শেষ পর্যন্ত বাউন্ডারি আটকাতে পারেননি সিরাজ। হ্যাটট্রিক তো পাননি।

কিন্তু, শেষ বলে এসে আবার উইকেটের দেখা পেয়েছেন সিরাজ। এবার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়েছেন ডি সিলভা। উইকেটের পেছনে গেছে ক্যাচ। ইনিংসের চতুর্থ ওভারে সিরাজ নিলেন ৪ উইকেট। ১২ রানে শ্রীলংকা হারাল পঞ্চম উইকেট। পরে নিজের তৃতীয় ওভারেও এক উইকেট পায় সিরাজ।

এ দিন প্রথম ওভারে আঘাত হেনেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ইনিংসের তৃতীয় বলে তাকে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল পেরেরা (২ বলে ০)। ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে লংকানরা।

এর আগে  কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টস জিতেছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ভারতকে দিয়েছেন ফিল্ডিং। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে দাসুন শানাকা বলেন, দুপুরের পর এখানে বল কিছুটা টার্ন করবে। তবে, এটা খুবই আদর্শ একটি ব্যাটিং ট্র্যাক। আমাদের অসাধারণ একটি তরুণ দল রয়েছে। আশা করি তারা ভালো কিছু রান স্কোরবোর্ডে জমা করতে পারবে। দুশান হেমন্ত খেলবেন মহেশ থিকসানার পরিবর্তে।

রোহিত শর্মাও চেয়েছিলেন প্রথম ব্যাট করার জন্য। তবে, ফিল্ডিং করলেও আশা করছেন লংকান ব্যাটারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করতে পারবেন।

শ্রীলংকা একাদশ : কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমান্ত, মাথিসা পাথিরানা, প্রামোদ মধুশন।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেট রক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রিত বুমরাহ।