ক্রিকেটে নতুন ইতিহাসের জন্ম দিল আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচে ৪২৭ রান করে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড করেছে দলটি। যেটি স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতে নারী ও পুরুষ দল মিলে দলীয় সর্বোচ্চ। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) বুয়েন্স এইরেসে সিরিজের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে এ বিশ্ব রেকর্ড গড়ে আর্জেন্টিনার মেয়েরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে
নামে আর্জেন্টিনা। দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তা গালানের বিধ্বংসী ব্যাটিংয়ের
সামনে অসহায় ছিলেন চিলির বোলাররা। ম্যাচে দুই ব্যাটারই তুলে নেন সেঞ্চুরি।
ম্যাচে ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে লুসিয়া টেইলর ৮৪ বলে ২৭ চারে
তুলেনেন ১৬৯ রান। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অন্যপ্রান্তে আরেক ওপেনার আলবার্তা গালান অপরাজিত ছিলেন ১৪৫ রানে। চিলির বোলারদের নো
বল করার সুবাদে তিনিও মোকাবিলা করার সুযোগ পান ৮৪ বল। তার ইনিংসে ছিল ২৩টি চারের মার।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মারিয়া ১৬ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। তবে রানের পাহাড় গড়লেও একটিও ছয় হাকাতে পারেনি আর্জেন্টিনার ব্যাটাররা। ইনিংসে মোট ৫৭টি চার
এসেছে।
বিশাল রান তাড়া করতে নেমে ১৫ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয় যায় চিলি। ফলে ৩৬৪ রানের বিশাল জয় তুলে নেয় আর্জেন্টিনা।










