উয়েফা নেশনস লিগের ম্যাচে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে হারিয়েছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে বিশ্বকাপ সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের জয় ২-১ গোলের ব্যবধানে। তবে এদিন সবার চোখ ছিল গ্রুপ ‘সি’ এর হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। যেখানে মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল এবং বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। যদিও গোল শূন্য ড্র হওয়া ম্যাচটি দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেনি। একই দিন মাঠে নেমেছিলেন তরুণ সানশেসন আর্লিং হালান্ডও। দারুণ এক হ্যাটট্রিকে রোমানিয়ার বিপক্ষে দলকে জয় এনে দিয়েছেন ৪-০ গোলে। একই দিন আরেক লড়াইয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ইতালি।
ঘরের মাঠে এদিন বেলজিয়ামের বিপক্ষে পাল্লা দিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড। যদিও বল পজিশন এবং সুযোগ সৃষ্টি করার দিক থেকে প্রতিপক্ষের চেয়ে পিছিয়েই ছিল ‘থ্রি লায়ন্স’রা। এমনকি ম্যাচের শুরুর দিকে গোল খেয়ে পিছিয়েও পড়েছিল গ্যারেথ সাউথগেটের দল। ১৬ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টি গোলে লিড নিয়েছিল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তবে পিছিয়ে পড়ে হাল না ছেড়ে লড়াই করে গেছে ইংল্যান্ড। পেনাল্টি গোলেই বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় তারা। ইংলিশদের হয়ে স্পট কিকে গোল করেন মার্কোস র্যাশফোর্ড।
বিরতির পরও লড়াই জমে উঠেছিল দু দলের মাঠে। লিড নেয়ার একাধিক সুযোগ পেয়েছিল উভয় দল। তবে বেলজিয়াম না পারলেও ইংল্যান্ড ঠিকই ৬৪ মিনিটে এগিয়ে যায়। গোল করেন ম্যাসন মাউন্ট। এই গোলটিতে তাকে অ্যাসিস্ট করেন কিয়েরেন ট্রিপিয়ার। এরপর আর কোন দল গোল করতে ব্যর্থ হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।
বিবিসি










