ভারতে চলমান ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে ত্রয়োদশ ম্যাচে ঘটল বড় অঘটন। আজ রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল আফহগানিস্তান। ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা ইংলিশদের ২১৫ রানে অলআউট করে দিয়ে ঐতিহাসকি জয় তুলে নেয় হাশমতউল্লাহ শহিদির দল। বিশ্বকাপে তো বটেই, যেকোনো ফরম্যাটের ক্রিকেটে এই প্রথম ইংলিশদের হারানোর কৃতিত্ব দেখাল তারা। চলতি বিশ্বকাপে এটি আফগানিস্তানের প্রথম জয়।

ওয়ানডে বিশ্বকাপে আফগানদের ইতিহাস ছিল বিষাদময়। চলতি বিশ্বকাপসহ মোট তিন আসরে অংশ নিয়ে গতকালের আগ পর্যন্ত মোট ১৭টি ম্যাচের মধ্যে ১৬টিতেই হেরেছে আফগানিস্তান। গতকাল ১৮তম ম্যাচে এলো দ্বিতীয় দ্বিতীয় জয়।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও জস বাটলারের পরিকল্পনা বিফল করে দিয়ে দুর্দান্ত ব্যাটিং করে আফগানরা। মাত্র ৭৭ বলেই ১০০ ছোঁয়া দলটি শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়েছে। জবাব দিতে নেমে আফগান স্পিনে নীল হয়েছে ইংলিশ ব্যাটিং লাইনআপ। মুজিব-উর-রহমান (৩/৫১), মোহাম্মদ নবি (২/১৬) ও রশিদ খানের (৩/৩৭) স্পিনের কোনো জবাব যেন জানা ছিল না চ্যাম্পিয়নদের। এছাড়া পেসম্যান ফজলহক ফারুকি ও নবীন-উল-হকের শিকার হয়েছেন যথাক্রমে জনি বেয়ারস্টো ও জন বাটলারের মতো দলের দুই সেরা ব্যাটার।

এর আগে রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধন করতে নেমে ব্যাটে ঝড় বইয়ে দেন। তিনি ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তার ব্যাটে ভর করেই আফগানরা ৭৭ বলে শতরান পূর্ণ করেন। দলীয় ১১৪ রানের সময় ইব্রাহিম জাদরান ৪৮ বলে ২৮ রান করে আদিল রশিদের শিকার হন। তিনে নামা রহমত শাহও শিকার হন আদিল রশিদের। ১৯তম ওভারে তাকে স্ট্যাম্পিং করেন বাটলার। ওই একই ওভারে রানআউটের খড়্গে কাটা পড়েন দুর্দান্ত খেলতে থাকা গুরবাজ।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৫৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮০ রান করে সাজঘরের পথ ধরেন গুরবাজ। তার আউটের মধ্য দিয়ে আফগানদের রানের গতিও কমে যায়। ভারতের বিপক্ষে ফিফটি করা দুই ব্যাটার হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই আজ আশা দেখিয়েও ইনিংস বড় করতে পারেননি। শহিদি ১৪ ও ওমরজাই ১৯ রান করেন।

মিডল অর্ডারে নামা ইকরাম আলিখিল টেল-এন্ডের সাহায্য নিয়ে দলের সংগ্রহটা পৌঁনে তিনশ ছাড়ান। তিনি ৬৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করে রিস টপলির শিকার হন। সীমানার কাছে স্যাম কারানের হাতে ধরা পড়েন আলিখিল। রশিদ খান (২৩) ও মুজিব-উর-রহমান (২৮) আফগানদের সংগ্রহটা বড় করতে সাহায্য করেন। ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ ৪২ রানে ৩টি, মার্ক উড ৫০ রানে ২টি উইকেট নেন।

বাংলাদেশের কাছে ধর্মশালায় ৬ উইকেটে হারের পর দিল্লিতে গত বুধবার স্বাগতিক ভারতের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় আফগানিস্তান।