ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহর জোড়া গোলে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফেরার পর শুরুটাও দারুণ হলো লিভারপুলের। শনিবার (২১ অক্টোবর) অ্যানফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ২-০ গোলের ব্যবধানে দলকে জিতিয়েছেন সালাহ।

এনফিল্ডে অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এভারটন। তবে ম্যাচের ৩৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়তে হয় তাদের ডিফেন্ডার অ্যাশলে ইয়ংকে। এতেই পিছিয়ে যেতে হলো শন ডাইচের শিষ্যদের।

লিভারপুলকে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে তাদের এগিয়ে দেন সালাহ। এভারটনের ডি-বক্সে ডিফেন্ডার মাইকেল কিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ।

ম্যাচে যোগ হওয়া অতিরিক্ত ৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান সালাহ। দারউইন নুনেসের পাস বক্সে পেয়ে কাছ থেকে অনায়াসে   গোলে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ।

দারুণ এই জয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। ৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২০। সমান ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও আর্সেনাল।