চীনের হাংজুতে চলমান এশিয়ান
গেমসে ছেলেদের ক্রিকেটে আজ সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে
ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ দলের। আগামীকাল শনিবার সকাল ৭টায় ব্রোঞ্জ ম্যাচে
মাঠে নামবে সাইফ হাসানের দল। তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
আজ ঝেজিয়াং ইউনিভার্সিটি
অব টেকনোলজি ক্রিকেট মাঠে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাটিং করতে
নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে সমর্থ হয় তারা। উইকেটকিপার
জাকের আলী সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া পারভেজ হোসেন ইমন করেন ২৩ রান।
মাহমুদুল হাসান জয় (৫), সাইফ হাসান (১), জাকির হাসান (০) ও আফিফ হোসেনের (৭) মতো তারকা
ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় বোর্ডে বড় স্কোর তুলতে ব্যর্থ হয় বাংলাদেশ।
ভারতের স্পিনার সাই কিশোর
১২ রানে তিনটি ও ওয়াশিংটন সুন্দর ১৫ রানে দুটি উইকেট নেন। অর্শদিপ সিং, তিলক ভার্মাও
দুর্দান্ত বোলিং করেন।
রান তাড়া করতে নেমে তারকাখচিত
ভারত মাত্র ৯.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তিলক ভার্মা দুই বাউন্ডারি ও ছয় ছক্কায়
২৬ বলে ৫৫ ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চার বাউন্ডারি ও তিন ছক্কায় ২৬ বলে ৪০ রান করেন।
মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথম
ওভারেই ডেঞ্জারম্যান যশস্বী জয়সালকে আউট করার পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা।
আজ আরেক সেমিফাইনালে পাকিস্তানকে
৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিং করে ১১৫ রানে অলআউট পাকিস্তান। জবাব দিতে
নেমে ১৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে গুলবাদিন নায়েবের আফগানিস্তান। শনিবার দুপুরে
ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।










