এশিয়া কাপে আগামীকাল শনিবার
পাকিস্তান-ভারত মহারণ। শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে গ্রুপ
ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। দুই চিরবৈরি ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই
ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন দেশটির সাবেক ক্রিকেটার, সাবেক হেড কোচ ও ধারাভাষ্যকার
রবি শাস্ত্রী। পাশাপাশি পাকিস্তানও যথেষ্ট উন্নতি করেছে বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার ইএসপিএনক্রিইনফোকে
বরি শাস্ত্রী বলেন, ‘আমি বলব, ভারতই ফেভারিট হিসেবে শুরু করবে। ২০১১ সালের পর এটিই
তাদের সবচেয়ে শক্তিশালী দল। দলে অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মিশেল। আর অধিনায়ক (রোহিত)
খুবই অভিজ্ঞ, যে কিনা অন্যদের চেয়ে পরিস্থিতিটা ভালোই বুঝতে পারে। পাশাপাশি এ-ও বলব,
পাকিস্তান ব্যবধান ঘুচিয়ে এনেছে। সাত-আট বছর আগে দল হিসেবে ও ম্যান-টু-ম্যান হিসেবে
শক্তির যে তফাৎ ছিল এখন সেটা কমে এসেছে। তারা যখন সেরা ফর্মে থাকে, তখন এই পাকিস্তান
দলটি খুবই ভালো একটি প্রতিপক্ষ।’
অভিজ্ঞ রবি শাস্ত্রী মনে
করেন, এমন হাই-অকটেন ম্যাচের সময় খেলোয়াড়দের ফর্ম নয়, বরং টেম্পারমেন্টই বেশি গুরুত্বপূর্ণ
হয়ে ওঠে এবং এটিই ব্যবধান গড়ে দেয়। তার কথায়, ‘এ সময় মাথা ঠান্ডা রেখে এটিকে স্রেফ
আরেকটি ম্যাচ হিসেবে খেলাই গুরুত্বপূর্ণ। অন্য ম্যাচের মতো নিতে পারলেই কেবল আপনি সফল
হবেন এবং এমন খেলোয়াড়ই মানসিকভাবে শক্তিশালী।’
ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তান
দ্বৈরথের সূচনা সেই ১৯৭৮ সালে। ৫০ ওভারের ক্রিকেটে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯
সালের বিশ্বকাপে। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন পর্যন্ত ১৩২টি ওয়ানডে
ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৭৩টিতে ও ভারত ৫৫টিতে জিতেছে। ফলহীন ছিল
৪টি ম্যাচ।
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে
১৩ বারের লড়াইয়ে ভারত ৭টি ও পাকিস্তান ৫টি জিতেছে। আর টি২০ ফরম্যাটে তিনবারের দেখায়
ভারত ২টি ও পাকিস্তান ১টিতে জিতেছে। সব মিলে, এশিয়া কাপে ১৬ বারের মোকাবেলায় ভারত ৯টি
ও পাকিস্তান ৬টি ম্যাচ জিতেছে।










