এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে ২ রানে জয় পেয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান করে পরাজয়ের মুখেই পড়ে গিয়েছিলো বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শেষ মুহূর্তে সাইফ হাসান, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে বাংলাদেশ মাত্র ২ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। 

বুধবার চীনের হাংজুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে। জবাবে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান।

৩৮ রানে ৪ উইকেট ফেলে দেয়ার পর অনেকেই ভেবেছিলো, স্কোর ছোট হলেও জয়টা পেতে যাচ্ছে বাংলাদেশই। কিন্তু ভিরানদিপ সিং বিজয় উন্নিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তবে ১৯ এবং ২০ তম ওভারে গিয়ে রিশাদ হোসেন এবং আফিফ হোসেন সেট দুই ব্যাটারকে তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম তিন ওভারে মাত্র ৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের জার্সিধারীরা। পরে অধিনায়ক সাইফ হাসানের ব্যাটে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত থাকেন সাইফ। এ ছাড়া আফিফের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ২৩ রান। 

এ জয়ে বাংলাদেশ টিকে রইলো গেমস পদক ধরে রাখার লড়াইয়ে। সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আগামী ৬ অক্টোবর ভারতকে হারিয়ে ফাইনালে উঠলে রৌপ্য পদক নিশ্চিত হবে। হারলে লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য।