কলকাতার ইডেন গার্ডেনসে আজ বিশ্বকাপ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে টস হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার বিক্রমজিৎ সিংকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। মিড-অফে সাকিব আল হাসানকে ক্যাচ দেন তিনি। পরের ওভারে শরিফুল ইসলামের বলে তানজিদ হাসানকে ক্যাচ দেন ম্যাক্স ও’ডাউড। এ সময় ডাচদের স্কোর রূপ নেয় ৪/২!

পাঁচ ম্যাচের চারটিতেই হেরে বিপদে থাকা বাংলাদেশকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। ডাচদেরও তাই। তারাও চারটিতে হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে।

চোট কাটিয়ে আজ বাংলাদেশের একাদশে ফিরেছেন পেস বোলার তাসকিন আহমেদ। তিনি জায়গা নিয়েছেন হাসান মাহমুদের।

ওয়ানডেতে এখন পর্যন্ত দুবার দেখা দুই দলের এবং সর্বশেষটি ২০১১ সালের বিশ্বকাপে। চট্টগ্রামে সেই ম্যাচে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ২০১০ সালে গ্লাসগোয় প্রথম দেখায় ডাচরা জিতেছিল একই ব্যবধানে। এছাড়া টি২০তে চারবারের লড়াইয়ে ৩-১-এ এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমাদ, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।