টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালি দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ল। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছে তারা। আগে ব্যাট করে ১২৩ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে ৪৪ বল বাকি থাকতে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করে ইতালি।
দুই ভাই অ্যান্থনি মসকা (৩২ বলে ৬২*) ও জাস্টিন মসকা (৪৪ বলে ৬০*) শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ইতালিকে জিতিয়েছেন।
প্রথমবার বিশ্বকাপে এসেই জয় পেয়ে আনন্দিত ইতালির অধিনায়ক হ্যারি মানেতির প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘সত্যিই অবিশ্বাস্য। ইতালির অনেক মানুষ আর এ দলটার অনেকের কাছে বিষয়টা স্বপ্নের মতো। আগের দিন আমরা ভালো করতে পারিনি, তবে আজ ঐক্যবদ্ধ থেকে বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমরা কী করতে চাই।’
এদিকে গতকাল পাল্লেকেলে স্টেডিয়ামে ওমানের বিপক্ষে সোয়া দুইশ রান তুলে ১০৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে শ্রীলংকা। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে সিংহলিজরা। বিশাল এ রান তাড়া করতে নেমে ওমান ৯ উইকেটে ১২০ রান তুলতে সমর্থ হয়।
কুশল মেন্ডিস (৪৫ বলে ৬১), পবন রত্নায়েকে (২৮ বলে ৬০) ও দাসুন শানাকার (২০ বলে ৫০) তিন ফিফটিতে দুইশোর্ধ্ব সংগ্রহ গড়ে শ্রীলংকা। কুশল মেন্ডিস ও রত্নায়েকে ৯৪ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলংকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় উইকেটে শ্রীলংকার রেকর্ড। বিশাল এ রান তাড়া করতে নেমে মোহাম্মাদ নাদিমের ফিফটিতে (৫৬ বলে ৫৩) ওমান ১২০ রান তুলতে সমর্থ হয়। শ্রীলংকার দুশমন্ত চামিরা ও মহিস থিকসানা দুটি করে উইকেট নেন।
গতকাল রাতের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটে ২০৯ রানের সৌধ গড়ে ৯৩ রানে জিতেছে ভারত। ইশান কিশান ২৪ বলে ৬১ ও হার্দিক পান্ডিয়া ২৮ বলে ৫২ রান করেন।










