মালেতে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর আজ মঙ্গলবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল বাংলাদেশ।

 

রাকিব হোসেনের গোলে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ভারত মহাসাগরের দ্বীপদেশ মালদ্বীপ ৩৬ মিনিটের সময় সমতা আনে ইব্রাহিম এইসামের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৫৯ মিনিটে সোহেল রানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বড় থাক্কা খায় হাভিয়ের কাবরেরার দল। ফলে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়। এরপরও জয় নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিক বাংলাদেশ। যোগ করা সময়ে দুই পক্ষের মধ্যে জন্য লড়াই তুঙ্গে তখন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মালদ্বীপের আহনাফ রশীদ।

 

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশকে খেলতে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে। তিনটি দলই ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। বাংলাদেশ যেখানে ১৮৯ নম্বরে, সেখানে অস্ট্রেলিয়া ২৭, ফিলিস্তিন ৯৭ ও লেবানন ১০১ নম্বরের দল। লাল-সবুজদের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

 

এর আগে গত ১২ অক্টোবর মালেতে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৮৬ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সাদউদ্দিন। ওই গোলটি বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রাখে।

 

২০২৬ সালের বিশ্বকাপে খেলবে মোট ৪৮টি দল। এশিয়া মহাদেশ (এএফসি) থেকে সরাসরি ৮টি ও মহাদেশীয় প্লে-অফ খেলে আরো একটি দলের বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। প্রথম রাউন্ডে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। দুই লেগের এই লড়াইশেষে বিজয়ী ১০টি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে মোট ৩৬টি দল ৯টি গ্রুপের ভাগ হয়ে লড়বে এবং প্রতি গ্রুপের শীর্ষ দুই দল (মোট ১৮টি) উঠবে তৃতীয় রাউন্ডে। সেখানে ছয়টি করে দল নিয়ে মোট তিনটি গ্রুপ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি যাবে বিশ্বকাপে এবং এরপরের দুটি করে দল চতুর্থ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। চতুর্থ রাউন্ড থেকে দুটি দল পাবে বিশ্বকাপে টিকিট, আর প্লে-অফের জন্য একটি দল চূড়ান্ত হবে।

 

২০২৬ সালে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে ফিফা বিশ্বকাপের পরবর্তী আসর। ওই আসরে

প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।