এশিয়ান গেমসের
নারী ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) হাংজুর
ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার
কোয়ার্টার ফাইনাল ম্যাচে বৃষ্টির কারণে টসই হয়নি। এতে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে র্যাংকিংয়ে
এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়। রোববার শেষ চারে ভারতের মুখোমুখি হবে
নিগার সুলতানার দল।
মেয়েদের
ক্রিকেটে মোট ৯টি দেশ অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও
থাইল্যান্ড সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট পায়। গ্রুপ পর্বে অংশ নেয়
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং ও মঙ্গোলিয়া। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া গ্রুপ পর্বে
জয়লাভ করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। গ্রুপে পরাজিত হংকং ও মঙ্গোলিয়া প্রি-কোয়ার্টার
ফাইনালে মুখোমুখি হয়। ওই ম্যাচে মঙ্গোলিয়াকে ১৮০ রানে পরাজিত করে শেষ আটের টিকিট
পায় হংকং।
কোয়ার্টার
ফাইনালে বেশিরভাগ ম্যাচেই বৃষ্টি হানা দেয়। ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ভারত ২ উইকেটে
১৭৩ রান সংগ্রহ করে। পরে মালয়েশিয়া ২ বলে ১ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে
গেলে সেমিতে ওঠে ভারত। বাংলাদেশ তো মাঠে নামারই সুযোগ পেল না। বৃষ্টিতে পন্ড হয়
ইন্দোনেশিয়া ও পাকিস্তান ম্যাচও। র্যাংকিংয়ের বিচারে সেমির টিকিট পায় পাকিস্তান।
চার
সেমিফাইনালিস্টের মধ্যে কেবল শ্রীলংকাই জিতে উঠেছে শেষ চারে। আজ হাংজুতে বৃষ্টিবিঘ্নিত
ম্যাচে তারা ৮ উইকেটে থাইল্যান্ডকে হারায়। একই মাঠে পরে বাংলাদেশের ম্যাচ মাঠে
গড়ায়নি।
রোববার জিতলেই রোপ্য
পদক নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হাতছানি থাকবে স্বর্ণ জয়েরও। আর ভারতের কাছে হারলে
২৫ সেপ্টেম্বর ব্রোঞ্জ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওইদিনই স্বর্ণের নিস্পত্তি হবে
ফাইনালে।
সেমিতে বাংলাদেশ-ভারত
ম্যাচ উত্তাপ ছড়াবে। এ বছর বাংলাদেশের মাটিতে দুই দলের ড্র হওয়া ওয়ানডে সিরিজ শেষ হয়
হারমানপ্রিত কাউর কাণ্ডে। বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র হওয়াটা তিনি মেনে নিতে
পারেননি। ম্যাচ শেষে তাই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন এবং ট্রফি নিয়ে দুই দলের
ফটোসেশনের সময় বাংলাদেশ দলের প্রতি আপত্তিকর মক্তব্য করেন। এ ঘটনায় হারমানপ্রিতকে
দুই ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি।
নিষিদ্ধ থাকায়
এশিয়া কাপে হারমানপ্রিত খেলছেন না। তার পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মৃতি
মন্ধানা।
এদিকে, এশিয়ান
গেমসে পুরুষদের ক্রিকেটে অংশ নিচ্ছে মোট ১৪টি দেশ। ভারত, পাকিস্তান, শ্রীলংকা,
বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি অংশ নেবে কোয়ার্টার ফাইনালে। আর ৯টি দেশ গ্রুপ পর্ব
পেরিয়ে উঠবে কোয়ার্টার ফাইনালে। ৪ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। ৬
অক্টোবর সেমিফাইনাল এবং ৭ অক্টোবর ব্রোঞ্জ ও স্বর্ণের লড়াই।
ক্রিকেট থেকে
তাই অন্তত দুটি পদক জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের।










