২০২২ সালে কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলার মিশনটা শুরু হলো মেসির গোল দিয়েই। রের মাঠ বোকা জুনিয়র্সের স্টেডিয়াম লা বোম্বোনেরায় ইকুয়েডরের বিপক্ষে আলবিসেলেস্তেরা পেয়েছেন ১-০ গোলের জয়। এই বিশ্বকাপই হতে পারে লিওনেল মেসির শেষ সুযোগ।
মাত্র দুই দিন অনুশীলন করে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করেছে আর্জেন্টিনা। খেলোয়াড়দের ভ্রমণক্লান্তি তো ছিলই, এর সঙ্গে করোনাবিধি নিয়েও ছিল কঠোরতা। তাছাড়া উৎসাহ দেয়ার জন্য দর্শকও নেই গ্যালারিতে। নিজেদের মাঠ হলেও তাই কঠিন পরীক্ষার সামনে পড়ে আলবিসেলেস্তেরা। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে বাছাইয়ের শুরুর স্মৃতিও চোখ রাঙ্গাচ্ছিল। এই ইকুয়েডরের বিপক্ষেই যে মেসিদের হার দিয়ে শুরু হয়েছিল সেবারের বিশ্বকাপ বাছাই!
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে ওঠা আর্জেন্টিনা ১৩তম মিনিটে এগিয়ে যায় মেসির পেনাল্টি গোলে। বার্সেলোনা তারকার পাস ধরে লুকাস ওকাম্পোস ওভারল্যাপ করে ঢুকে পড়েন ডি বক্সে। কিন্তু তাকে কড়া ট্যাকল করতে গিয়ে ইকুয়েডর ডিফেন্ডার পেরভিস এস্তুপিয়ান করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
স্পট কিক নিতে আসা মেসি ডান প্রান্ত দিয়ে বল জড়িয়ে দেন জালে। বল ইকুয়েডর গোলকিপারের হাতে ছোঁয়া দিলেও গতি থাকায় বিশ্বকাপ বাছাইয়ের মিশন মেসি শুরু করেন গোল উদযাপন করে।










