প্রথমবার প্রধান কোচ হিসেবে কোনো নারীকে পেল স্প্যানিশ নারী ফুটবল দল। নারী বিশ্বকাপের ফাইনালে একজন খেলোয়াড়কে অবাঞ্ছিত চুম্বন নিয়ে চলমান বিতর্কের মাঝে নতুন এ নিয়োগ দেয়া হয়েছে। খবর সিএনএন।

গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দলের প্রধান কোচ হোর্হে ভিলদাকে থেকে বরখাস্ত করা হয়। এর কয়েক ঘণ্টা পর ফুটবল ফেডারেশন আরএফইএফ মন্টসে টমে ওই পদে নিয়োগ দেয়।

মন্টসে এর আগে ভিলদার ডেপুটি হিসেবে কাজ করেছিলেন। সাবেক এ মিডফিল্ডারের বয়স ৩১ বছর। তিনি স্পেনের নামি ক্লাবের হয়ে খেলেছেন, একাধিক জয়ের সাক্ষিও।

সপ্তাহ কয়েক আগে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই খেলায় একমাত্র গোলটি করেন জেনিফার হারমোসো। এরপর পুরস্কারের মঞ্চে তাকে চুমু দেন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। ওই ঘটনা সারা বিশ্বে হইচই তুলে দেয়। একপর্যায়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নির্দেশে সাময়িক বরখাস্ত হন রুবিয়ালেস।

ওই ঘটনায় স্প্যানিশ নারী ফুটবলের বড় একটি অংশ কড়া প্রতিক্রিয়া জানালেও নিজেকে সরিয়ে রেখেছিলেন ভিলদা। এমনকি কোচিং স্টাফরাও পদত্যাগ করেন।

ভিলদার বরখাস্তের এক বিবৃতিতে নিশ্চিত করে আরএফইএফ। সেখানে তার অবদান স্বীকার করে বলা, নারী ফুটবলে উল্লেখযোগ্য অগ্রগতিতে তার অবদান রয়েছে। স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন ও ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নিয়ে গেছেন তিনি।

ফেডারেশনের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট পেদ্রো রোচা ঘোষিত পুনর্গঠনের প্রথম পদক্ষেপগুলোর মধ্যে এটি একটি বলেও বর্ণনা করা হয়েছে বিবৃতিতে।

ভিলদা ২০১৫ সাল থেকে জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছিলেন। এর আগে স্পেনের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ ছিলেন। গত মাসে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের মাধ্যমে দেশকে প্রথম নারী বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন তিনি।