টসে হেরে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন রোহিত শর্মা আর শুভমান গিল। উদ্বোধনী জুটিতেই তারা ১০০ বলে তুলে দেন ১২১ রান। মারকুটে এ জুটি অবশেষে ভাঙেন শাদাব খান। রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানান পাকিস্তানি এ লেগ স্পিনার। ৪৯ বলে রোহিতের ৫৬ রানের ইনিংসে ছিল ৬ বাউন্ডারি আর ৪ ছক্কার মার।
পরের ওভারে আরেক মারকুটে ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। তার লেগ কাটার বুঝতে না পেরে ব্যাট পেতে দেন গিল, কভারে সহজ ক্যাচ নেন শাদাব। ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান করে ফেরেন গিল।
৮ বলের ব্যবধানে দুই হাফ সেঞ্চুরিয়ানকে সাজঘর দেখিয়ে ম্যাচে ফিরেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ আর লোকেশ রাহুল ১৭ রান করে অপরাজিত আছেন। এরপরে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি কারণে এখন ম্যাচ বন্ধ রয়েছে।
যদিও এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনো কারণে পরের দিন খেলা হয়, তবে নির্ধারিত দিন যতটুকু খেলা হয়েছে, সেখান থেকে রির্জাভ ডে'তে শুরু হবে।










