গত ২৩-৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বারের
মতো আয়োজিত হয় পথশিশু ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশসহ ১৩টি দেশের ১৯টি দল এবারের আসরে
অংশ নেয়। ভারত সরকারের সমর্থন এবং শ্রী দায়া ফাউন্ডেশন সার্বিক সহায়তা করেছে এবারের
বিশ্বকাপে। এই আসরের সেমিফাইনাল খেলে আসা বাংলাদেশ দল ঢাকায় ফিরে আজ এক সংবাদ সম্মেলনে
পথশিশুসহ সব শিশুর জন্য সমতা ও সম্মানের দাবি জানিয়েছে।
গ্রুপ পর্বে পরপর চারটি ম্যাচ জিতে বাংলাদেশের
জন্য আশার সঞ্চার করেছিল পথশিশুরা। ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতেও
উঠে যায় বাংলাদেশ। যদিও শেষ চারে উগান্ডার কাছে হেরে যায় তারা। এরপরও বাংলাদেশের সব
সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয় জয় করে এসেছে রুবেল, হাসান, সাথী ও আফরিনরা। তারা বুঝিয়ে
দিয়েছে সুযোগ আর প্ল্যাটফর্ম পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও অসম্ভবকে সম্ভব করতে পারে
।
বাংলাদেশ থেকে চার ছেলে ও চার মেয়ে শিশুর
দল পথশিশু ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়। সব পথশিশুর অধিকার রক্ষায় আওয়াজ তুলতে যাওয়া
বাংলাদেশ দলের সব সদস্যের বিশ্বকাপ অভিজ্ঞতা বিনিময়ের জন্য গতকাল রাজধানীর একটি গেস্ট
হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট
অর্গানাইজেশন-লিডো।
প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী
সংস্থা স্ট্রিট চাইল্ড ইউনাইটেড কর্তৃক দ্বিতীয়বারের বৈশ্বিক এই আয়োজনে লিডোই মূলত
বাংলাদেশের হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অংশগ্রহণ করে আসছে।
টুর্ণামেন্ট চলাকালীন বাংলাদেশের শিশুরা শিশু
সম্মেলনে (কংগ্রেস) অংশ নিয়ে গৃহহীনদের জন্য নিরাপদ ঘুমের জায়গা, শিশুশ্রমের বিরুদ্ধে
নিয়ম আরোপ এবং সকল শিশুদের জন্য সমতা ও সম্মানের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিডোর বন্ধুপ্রতীম এবং বিশ্বকাপে
বাংলাদেশ দলের অন্যতম সহযোগী সংস্থা ফ্রেন্ডস অব স্ট্রিট চিল্ড্রেন বাংলাদেশ এর চেয়ারপার্সন
মাইক শেরিফ বলেন, ‘এসব শিশুরা অসাধারণ খেলেছে। তারা সুযোগ পেলে বিশ্বজয় করতে পারে।
শুধু প্রয়োজন সকলের সহায়তা।’
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত প্রেসনোট পড়ে শোনান
লিডোর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম।










