ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে কঠিন পরীক্ষায়ই ফেলেছিলেন তার স্বদেশী আরেক সাবেক চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেনস। যদিও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেন সেরেনাই। স্টিফেনসকে ২-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে তিনি উঠেছেন শেষ ষোলোয়। 

তৃতীয় বাছাই সেরেনা প্রথম সেটে ভীষণ ছন্দহীন খেলে হেরেই বসেন। এরপর ঘুরে দাঁড়ান ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে খেলা সেরেনা শনিবার জয় শেষে বলেন, ‘এটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আমরা সব সময়ই এমন কিছু অবিশ্বাস্য ম্যাচ পেয়ে থাকি।’

কোয়ার্টার ফাইনালে ওঠার টিকিট পেতে সেরেনা এবার খেলবেন ১৫তম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারির বিপক্ষে। গত সপ্তাহে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে তিন সেটের লড়াইয়ে সেরেনাকে হারিয়ে দেন ২৫ বছর বয়সী সাক্কারি। তাই প্রতিপক্ষকে ছোট করে দেখার অবকাশ নেই ৩৮ বছর বয়সী সেরেনার জন্য।

স্টিফেনসকে যে লড়াকু মানসিকতা নিয়ে হারিয়েছেন সেরেনা তা ধরে রাখতে পারলে সাক্কারির বিপক্ষে ওই হারের প্রতিশোধ নেয়ার ভালো সুযোগ থাকবে তার। 

মা হওয়ার কারণে তিন বছরের বিরতি শেষে কোর্টে ফেরা বুলগেরিয়ার সভেতানা পিরনকোভা চমক দেখিয়েই চলেছেন। দশম বাছাই গারবিনে মুগুরুজাকে হারানোর পর এবার তৃতীয় রাউন্ডে হারালেন ১৮তম বাছাই ডোনা ভেকিচকে। ৬-৪, ৬-১ গেমের জয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠলেন তিনি। ২০১০ সালে তিনি খেলেছেন উইম্বলডন সেমিফাইনালে। 

শেষ ষোলোয় উঠেছেন আরেক মা ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তিনি ৬-৪, ৬-২ গেমে হারান পোল্যান্ডের ১৯ বছর বয়সী ইগা সুইয়াটেককে। ইউএস ওপেনের দুবারের ফাইনালিস্ট আজারেঙ্কা শেষ ষোলোয় মুখোমুখি হবেন ২০তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার। 

তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৭-৬ (৭/৪), ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। 

ছেলেদের এককে গতবারের ফাইনালিস্ট রাশিয়ার দানিল মেদভেদেভ যুক্তরাষ্ট্রের জেজে উলফকে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠেছেন। এছাড়া তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েম। 

এদিকে থিয়েমের প্রেমিকা ফরাসি খেলোয়াড় কিস্টিনা ম্লাদেনোভিচ ও তার দ্বৈতের পার্টনার টিমিয়া বাবোসকে নিউইয়র্কের টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে দ্বৈতের ম্যাচ থেকে তাদের নাম প্রত্যাহার করে নিতে হয়েছে।

ফরাসি খেলোয়াড় বেনো পাইরে করোনাভাইরাস পজিটিভ এবং তার সংস্পর্শে গিয়েছিলেন ম্লাদেনোভিচ। 

সূত্র: বিবিসি