নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন ৯ উইকেটে ৩১০ রান তুলে মাঠ ছাড়ল বাংলাদেশ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিং নেয়া স্বাগতিক দল ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর করে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়েছে।

 

জয় দারুণ ব্যাটিংয়ে ১৬৬ বলে ৮৬ রান করে আউট হয়ে যান। তার গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে মিডল অর্ডার ও টেল-এন্ডের চেষ্টায় দল পায় তিনশ রানের পুঁজি। শরিফুল ইসলাম ১৩ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজ।

 

উদ্বোধনী জুটিতে জাকির হাসান ও মাহমুদুল ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হন। ৪১ বলে ১২ রান করে স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন জাকির। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জয় ৭১ বলে ৫৩ রান যোগ করেন। শান্ত ৩৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন। গ্লেন ফিলিপসের বলে তিনি কেন উইলিয়ামসনকে ক্যাচ দেন। ২টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান শান্ত।

 

এরপর জয়ের সঙ্গে যোগ দেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। এই দুজন বোর্ডে ৮৮ রান তুলেছেন। দলের ১৮০ রানের সময় গ্লেন ফিলিপসের শিকার হন মুমিনুল। তিনি ৭৮ বলের মোকাবেলায় ৩৭ রান করেন। পরের ওভারে জয়কেও ফিরিয়ে দারুণ সফলতা পায় কিউইরা। স্পিনার ইস সোধির বলে ড্যারিল মিচেলকে ক্যাচ দেন জয় (১৮৪/৪)।   

 

অভিজ্ঞ মুশফিকুর এদিন দলকে হতাশ করেন। ২২ বল খেলে ১২ রান করে তিনি আজাজ প্যাটেলের বলে বাজে এক শট খেলে সাজঘরের পথ ধরেন। এরপর উইকেটকিপার নুরুল হাসান (২৯), অভিষিক্ত শাহাদাত হোসেন (২৪), মেহেদী হাসান মিরাজ (২০), নাইম হাসান (১৬) ও শরিফুলের (১৩*) ব্যাটে ভর করে স্বাগতিকরা তিনশ পেরিয়ে যায়। শেষ উইকেটে ১৯ বলে ২০ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন শরিফুল ও তাইজুল ইসলাম।   

 

গ্লেন ফিলিপস ৫৩ রানে চারটি, কাইল জেমিসন ৫৩ রানে দুটি ও আজাজ প্যাটেল ৭৬ রানে দুটি উইকেট নেন।

 

আলোকস্বল্পতায় ৮৫ ওভারেই দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।