চলতি স্প্যানিশ লা লিগায় তৃতীয় জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আজ লেভান্তেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় জিনেদিন জিদানের দল। 

১৬ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। এরপর দীর্ঘ সময় অতিথিদের হতাশ করতে থাকে লেভান্তের রক্ষণভাগ। অবশেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। 

এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল। আজ রাত একটায় মাঠে নামছে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ সেভিয়া।

আজ ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে লেস্টারের জয়রথ থামিয়ে দেয় ওয়েস্ট হাম। লন্ডনের দলটি জিতেছে ৩-০ গোলে। এর আগে টানা তিন ম্যাচে জয় পায় লেস্টার। 

ইতালিতে আজ আটালান্টা ৫-২ গোলে হারায় ক্যালিয়ারিকে, ল্যাজিওর সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান। 

সূত্র: বিবিসি