চলতি মাসের শেষ দিকে চীনের হাংজুতে শুরু হবে ১৯তম এশিয়ান গেমস। এশিয়ার অলিম্পিকে মোট ৪০টি ডিসিপ্লিনের মধ্যে মেয়েদের ক্রিকেট অন্যতম। এ ক্রিকেটে বাংলাদেশ অন্যতম ফেভারিট হিসেবে খেলবে। এশিয়ান গেমসের জন্য সম্প্রতি দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে নেই অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদ।

ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টি২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সালমা ও অভিজ্ঞ ব্যাটার মুর্শিদা খাতুন। এছাড়া দলে ফেরানো হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা ও অলরাউন্ডার রুমানাকে। এ দুজনই ওয়ানডে কিংবা টি২০ ফরম্যাটে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

ভারতের বিপক্ষে টি২০ সিরিজের দলে জায়গা না পাওয়া ফারজানা হক পিংকি পরে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। এ সংস্করণে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। পুরস্কার হিসেবে এবার টি২০ দলে এ টপ অর্ডার ব্যাটারকে ডাকল বাংলাদেশ। 

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য গত বুধবার ১৫ সদস্যের নারী দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে পিংকির সঙ্গে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার লতা মণ্ডল। তবে বাদ পড়েছেন অফস্পিনার সালমা, টপ অর্ডার ব্যাটার মুর্শিদা ও কিপার-ব্যাটার দিলারা আক্তার। 

ভারতের বিপক্ষে একটি টি২০ খেলে উইকেট পাননি সালমা। মুর্শিদা একটি টি২০ ও দুটি ওয়ানডে খেললেও তেমন কিছুই করতে পারেননি। তার ব্যাট থেকে রান আসে যথাক্রমে ৪, ১৩ ও ১২। সালমা ও মুর্শিদার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। দুজনকেই অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। 

চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়ান গেমসের পর্দা উঠলেও ক্রিকেট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট হয়েছে দুবার এবং দুবারই রানার্সআপ হয় বাংলাদেশ। ২০১০ (গুয়াংজু) ও ২০১৪ (ইনচিওন) আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় তারা। 

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সাথী রানি, ফারজানা হক, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস। স্ট্যান্ডবাই: সালমা, মুর্শিদা, আসরাফি ইয়াসমিন অর্থি।