ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের
মিশন শুরু হলো। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ
বেলা ১১টায় মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহিদির দল।
এর আগে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ
অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বাংলাদেশ একাদশে আছেন লিটন দাস,
তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর
রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর
রহমান।
প্রথমেই সামনে আফগানিস্তান হলেও বাংলাদেশের
চোখ আরো দূরে। নিজেদের সপ্তম বিশ্বকাপ আসরে এবার সেমিফাইনাল খেলতে চায় টাইগাররা। গতকাল
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ভালো বিশ্বকাপ কাটানো, ম্যাচ
জেতা আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য সেমিফাইনালে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৫ বারের মুখোমুখিতে
বাংলাদেশ ৯টি ও আফগানিস্তান ৬টি ম্যাচ জিতেছে। সর্বশেষ দুটি জয় বাংলাদেশেরই। গত মাসে
লাহোরে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারায় সাকিবের দল। ওই ম্যাচে সেঞ্চুরি
করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এর পরও বিশ্বকাপে ফল নিজেদের পক্ষে
নিতে আশাবাদী আফগানরা। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রত্যয়ের
কথাই শোনালেন।










