বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের আয়োজক দেশ ভারত পড়েছে অগ্নিপরীক্ষায়। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। দুই দলের জন্য একই সমীকরণ— জিতলে সেমিফাইনাল, হারলে বিদায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সেমিফাইনালের টিকিট বাকি মাত্র একটি। এই এক টিকিটের জন্য আজ লড়বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। উভয় দলের ঝুলিতে ২ ম্যাচ থেকে সমান ১ পয়েন্ট। সেমিফাইনালের কাঙ্ক্ষিত টিকিট পেতে দুই দলই আজ রীতিমতো যুদ্ধে নামছে ইডেনে।
দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রানের সৌধ গড়ে বড় জয় তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজও ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে জিম্বাবুয়েকে শতরানের ব্যবধানে হারিয়ে সুপার এইট পর্ব শুরু করে এবং পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। আজ দুই দলের সামনেই বাঁচামরার ম্যাচ।
সেমিফাইনালে ওঠার প্রশ্নে দুই দলের সামনে সমীকরণ খুবই সহজ—জিততেই হবে। এ ম্যাচের বিজয়ী দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পাবে সেমিফাইনালের টিকিট। প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে প্রোটিয়ারা। আজ শেষ ম্যাচে তারা জিম্বাবুয়ের মুখোমুখি হবে। প্রোটিয়ারা আজ হারলেও তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। কেননা ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট আর ২.৮৯০ নেট রানরেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের (১.৭৯১) চেয়ে বেশ এগিয়ে রয়েছে তারা। ভারতের রানরেট আরো খারাপ (-) ০.১০০। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার ম্যাচটির গুরুত্ব রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে। কেননা এ গ্রুপটির চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে সেমিফাইনালে। সেই দলটি হতে পারে নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান।
তবে ভারত জয়লাভ করলে রানরেটের কোনো হিসাবই আর কাজে লাগবে না, তখন স্বাগতিকরা সরাসরি উঠে যাবে সেমিফাইনালে, আর বিদায় নেবে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় তাহলে কোন দল পাবে সেমিফাইনালের টিকিট? তখন আবার সমীকরণ পাল্টে যাবে। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে শ্রেয়তর নেট রানরেট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ, বিদায় নেবে ভারত।
এমন পরিস্থিতিতে কঠিন পরীক্ষার মুখে ভারত। তবে কোনো পরিস্থিতিই ভারতকে আগ্রাসী ক্রিকেট খেলা থেকে বিরত রাখতে পারবে না বলে মনে করেন দলটির মারকুটে ব্যাটার তিলক ভার্মা। তিনি জানালেন, দ্রুত উইকেট হারালেও আগ্রাসী ক্রিকেট খেলবে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৬ রান তুলে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিলক ভার্মা বলেন, ‘আমরা এ ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমরা দল হিসেবে খেলে বোর্ডে রান তুলতে চাইব। আমরা আলোচনা করেছি যে পাওয়ার প্লেতে তিন-চার উইকেট হারিয়ে ফেললেও একই ছন্দে ব্যাটিং করে যাব।’
ভারতের সামনে জয় ভিন্ন কোনো সমীকরণও নেই। তাই তাদের সামনে আগ্রাসী ক্রিকেট খেলারও কোনো বিকল্প নেই। হাতে ম্যাচ বাকি একটি এবং এটিই শেষ সুযোগ। এ ম্যাচে ভুল করার কোনো সুযোগ নেই অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব কিংবা হার্দিক পান্ডিয়াদের সামনে। ভারতের কোটি কোটি দর্শক তাদের দিকে তাকিয়ে থাকবে। এই কোটি দর্শকের প্রত্যাশার চাপ সামলে আজ জেতার কঠিন চ্যালেঞ্জের মুখে ‘মেন ইন ব্লু’রা।
গ্রুপ পর্বে ভারত পড়েছিল পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানসহ সব দলকেই হারিয়ে দাপুুটে সুপার এইটে জায়গা করে নেয় সূর্যকুমারের দল। সুপার এইটে গিয়ে প্রথম ম্যাচেই হেরে বসে দক্ষিণ আফ্রিকার কাছে এবং স্রেফ উড়ে যায় তারা। প্রোটিয়াদের ১৮৭ রানের জবাবে ভারত ১১১ রানে গুটিয়ে যায়। ওই হারটি তাদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়।
ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ‘সি’ গ্রুপে। সেখানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি ও নেপালকে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায় ক্যারিবীয়রা। জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইটেও দাপটে সূচনা করে শাই হোপের দল। যদিও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় ‘মেরুন’রা।
এক হারেই কঠিন পরিস্থিতির মুখোমুখি ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। আবার আজ একটি জয় তাদের পৌঁছে দিতে পারে স্বস্তিদায়ক একটি জায়গায়—সেমিফাইনাল।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ বারের মুখোমুখিতে ১৯ জয় নিয়ে এগিয়ে রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখিতে অবশ্য ক্যারিবীয়রা এগিয়ে রয়েছে। চারবারের মোকাবেলায় তারা তিনবার ও ভারত একবার জিতেছে। ২০০৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ উইকেটে, ২০১০ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৪ রানে, ২০১৪ সালের বিশ্বকাপে ভারত জিতেছে ৭ উইকেটে ও ২০১৬ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৭ উইকেটে।










