মার্কিন ফুটবল দল ইন্টার মিয়ামিতে যোগদানের পর ভক্তদের উম্মাদনা নতুন এক স্তরে নিয়ে গেছেন লিওনেল মেসি। এবার মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে ব্যয়বহুলের ম্যাচের সাক্ষি হতে যাচ্ছেন তিনি। খবর সিএনএন।

আগামী রোববার (৩ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। আর এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কিনতে হচ্ছে ম্যাচ টিকিট।

বিশ্কাপ জয়ী আর্জেন্টাইট তারকার উপস্থিতির জন্য এ ম্যাচে টিকিটের দাম সবেচেয়ে বেশি বলে জানিয়েছেন টিকপিক নামের অনলাইন টিকিট বিক্রির প্লাটফর্ম।

ম্যাচের টিকিট বিকোচ্ছে গড়ে প্রায় ৬৯০ ডলারে। এর আগের ম্যাচে টিকিটের মূল্য ছিল ১১০ ডলার। অর্থাৎ, রোববারের জন্য গুনতে হবে ৫০০ শতাংশের বেশি দাম। এমএলএসের ইতিহাসে এবারই প্রথম এত দামে টিকিট বিক্রি হচ্ছে।

টিকপিকের পূর্বাভাস বলছে, মেসির জন্যই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম হবে ৭৮৫ ডলার। তবে ইন্টার মিয়ামি নেই এমন ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ১৫১ ডলারে।

টিকপিকের সিইও ব্রেট গোল্ডবার্গ বলেন, সম্ভবত টিকিটের মূল্যে একটি স্থিতিশীলতা আসবে, যদিও টিকিটের চাহিদার ফলে দামে ঊর্ধ্বমুখী পরিবর্তনের সম্ভবনা আছে।

লস অ্যাঞ্জেলেস এফসিও লিগের অন্যতম জনপ্রিয় দল, তাদের চাহিদা সবসময়ই বেশি থাকে।

এমএলএসে মেসির উপস্থিতি নিয়মিতভাবে টিকিটের দাম বাড়িয়ে তুলছে। অভিষেকে নিউইয়র্ক রেড বুলসের টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে প্রায় এক হাজার শতাংশ বেশি ছিল।