আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ১৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে বিপদে পড়েছিল বাংলাদেশও। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ১৫৭ রান তাড়া করতে নেমে ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। তবে এরপরে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এ দুজনের ৯৭ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে টাইগাররা। জয়ের তাদের সাকিবদের দরকার ২০ রান। হাতে আছে ৭ উইকেট। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৭ রান। ৪৬ রানে শান্ত ও ৯ রানে ব্যাট করছেন সাকিব।

ব্যাট করতে নেমে এদিন শুরুতে  দুর্ভাগ্যের শিকার হলেন ওপেনার তানজিদ হাসান তামিম। একটি রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান তানজিদ তামিম। ১৩ বলে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি তখন। দলীয় রান ছিল ১৯।লিটন দাসের ওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ইনিংসের সপ্তম ওভারের ৪র্থ বলে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে গেলেন। কভার অঞ্চল দিয়ে মারার জন্য শট খেললেন। কিন্তু বল ভেতরের কানায় লেগে গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন তিনি। দলীয় রান এ সময় ২৭।

এরপর জুটি বেধেছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। দু’জন মিলে চেষ্টা করছেন বিপর্যয় থামানোর। যদিও এরই মধ্যে একবার লাইফ পেয়েছিলেন মিরাজ। ১৬ রানের মাথায় পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন আফগান ফিল্ডার নজিবুল্লাহ জাদরান। ২৩ রানে নভিনের বলে ফের জীবন পেলেন মিরাজ। এবার শর্ট বলে একটু লাফিয়ে উঠে আপার কাট করেছিলেন মিরাজ। ডিপ থার্ডে থাকা মুজিব ডানদিকে ছুটে বলের নাগাল পেয়েছিলেন ভালোভাবেই। তবে দুই হাত না বাড়িয়ে একটি বাড়িয়েছিলেন তিনি। হাতে পড়লেও আটকায়নি বল। মিরাজ দ্বিতীয় দফা জীবন পেয়েছেন। দুইবার জীবন পাওয়ার সুযোগ নিয়ে মুজিবের বলে লং অনে খেলে নেওয়া সিঙ্গেলে ৫৮ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করেছেন এ অলরাউন্ডার। তবে বেশিদূর যেতে পারে নি মিরাজ। নভিনকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে দারুণভাবে লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন রহমত শাহ। মিরাজ থেমেছেন ৭৩ বলে ৫৭ রান করে। 

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। দুই উইকেট নেন শরিফুল। একটি করে শিকার ধরেন তাসকিন ও মুস্তাফিজ।

এদিন ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন অধিনায়ক সাকিব আল হাসান। সকালের হালকা ভেজা আবহাওয়ায় পেসাররা সুবিধা নিতে পারবেন বলেই ভেবেছিলেন তিনি। যদিও শুরুটা ছিল হতাশার। আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রান করছিলেন।

সবকিছুই বদলে যায় সাকিবের এনে দেয়া প্রথম উইকেটের পর, ইব্রাহিম জাদরানকে আউট করেন তিনি। ২৫ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন তিনি। পরের উইকেটও সাকিবের। এবার রহমত শাহ  লিটন দাসের হাতে ক্যাচ দেন ২৫ বলে ১৮ রান করে। এরপর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৮ রান করতে তিনি খেলেন ৩৮ বল।

ইনিংসের বাকি গল্পটুকু টাইগার বোলারদের।  এক প্রান্ত আগলে রাখা রহমানউল্লাহ গুরবাজও খুব বেশি দূর এগোতে পারেননি। ব্যক্তিগত ৪৭ রানে তাকে শিকার করেন মোস্তাফিজুর রহমান। ব্যাটিং ধসের সেই শুরু। যে কারণে ৩ উইকেটে ১১২ রান থেকে আর মাত্র ৪৪ রানই যোগ করতে পারে আফগানরা। ৩৭.২ ওভার ১৫৬ রানে অলআউট।   বাংলাদেশের হয়ে সাকিব ও মিরাজ দুজনেই ঝুলিতে পুড়েন তিন উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মোস্তাফিজ নেন একটি করে উইকেট। জিততে হলে বাংলাদেশের লক্ষ্য ১৫৭ রান।