আজ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে ফাইনালে লড়বেন এ বেলারুশ ও কাজাখ খেলোয়াড়।
বিশ্বের শীর্ষ র্যাংকধারী খেলোয়াড় সাবালেঙ্কা সেমিফাইনালে ৬-৩, ৬-৪ গেমে হারান চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাকে, আরেক সেমিতে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৭-৫, ৬-৪ গেমে হারান রিবাকিনা।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারান রিবাকিনা। এবার দুজনের আরেকটি ফাইনাল। রিবাকিনার সঙ্গে লড়াই নিয়ে সাবালেঙ্কা বলেন, ‘এটা তো দারুণ ব্যাপার। এখানে আমি অনেক ফাইনাল হেরেছি, কাজেই রোববারের ফাইনালের জন্য আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি তৈরি আছি। আমি নিজের সেরা টেনিস খেলার চেষ্টা করব।’ ফাইনালে পাঁচবারের মুখোমুখিতে চারবারই জিতেছেন রিবাকিনা।
সর্বশেষ গত জানুয়ারিতে মেলবোর্নে দুজনের লড়াইয়ে রিবাকিনার জয় হয়। ২০২৩ সালে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে সাবালেঙ্কাকে হারান রিবাকিনা। আজকের ফাইনাল নিয়ে কাজাখ খেলোয়াড় বলেন, ‘আমি যতটা সম্ভব লড়াই করব। আশা করি, এটা ভালো একটা ম্যাচ হবে।’
‘ডব্লিউটিএ ১০০০’ ক্যাটাগরিতে এটা হতে যাচ্ছে সাবালেঙ্কার ১৪তম ফাইনাল। সাবালেঙ্কা চারবারের গ্র্যান্ড স্লামজয়ী। তিনি অস্ট্রেলিয়ান ওপেন দুবার ও ইউএস ওপেন দুবার জিতেছেন। অন্যদিকে রিবাকিনা অস্ট্রেলিয়ান ওপেন একবার ও উইম্বলডন একবার জিতেছেন। সব মিলিয়ে শিরোপা জিতেছেন ১২টি।










