চেন্নাইতে আজ বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে টানা হারের পর সেমিফাইনালের দাবি জোরালো করার সুযোগ এসেছে বাবর আজমের দলের সামনে। চার ম্যাচের মধ্যে মাত্র একটি জেতায় আজ পয়েন্ট পেতে মরিয়া আফগানরাও।

 

জ্বরের কারণে আজ পাকিস্তান দলে নেই মোহাম্মদ নওয়াজ। তার জায়গায় একাদশে ফিরেছেন শাদাব খান। আফগানিস্তান দলে পেসার ফজলহক ফারুকির জায়গায় এসেছেন স্পিনার নূর আহমাদ। ফলে আফগান বোলিং অ্যাটাকে স্পিনারই থাকছেন চারজন!  

 

নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জিততে অসুবিধা হয়নি পাকিস্তানের। যদিও এরপর কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় ভারত ও অস্ট্রেলিয়ার সামনে। দুই ম্যাচেই হেরেছে তারা। সেই দুঃখ ভুলে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছেন বাবর-রিজওয়ানরা। দুটিতে হেরে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে আর ভুলের সুযোগ নেই।  

 

আজকের এ দ্বৈরথে ফেভারিট পাকিস্তানই। রেকর্ড তাদের পক্ষেই কথা বলছে। ওয়ানডেতে সাতবারের মুখোমুখিতে কখনো তাদের হারাতে পারেনি আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দলের একবারই দেখা। ২০১৯ বিশ্বকাপে লিডসে সেই ম্যাচে ৩ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

 

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মির, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর-রহমান, নবীন-উল-হক, নূর আহমাদ।