প্রায় ৭ বছর পর আবার ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচকে
ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা।
আগামী শনিবার ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে
রোহিত শর্মা বনাম বাবর আজমদের খেলা দেখতে মাঠে থাকবেন ১ লাখ দর্শক। বোঝাই যাচ্ছে
এই ম্য়াচে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা।
মাঠের খেলা নিয়ে নানা আলোচনা তো আছেই, বাইরেও ভক্ত সমর্থকদের ইতোমধ্যে
উত্তাপ শুরু হয়েছে।
তাই ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র
প্যাটেল, গান্ধীনগরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সানঘাভি, ডিজিপি বিকাস সাহাই,
পুলিশ কমিশনার জিএস মালিক এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এরপর এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জিএস মালিক জানান, মুখ্যমন্ত্রী
নিরাপত্তাব্যবস্থার খোঁজ নিয়েছেন। পাশাপাশি তিনি সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন করার
লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেছেন, সাত হাজার পুলিশের সঙ্গে আমরা আরো চার হাজার নিরাপত্তারক্ষীকে
স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষা ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর এলাকাগুলোর আইনশৃঙ্খলা
রক্ষায় নিয়োগ দেব। এই নিরাপত্তাকর্মীদের বাইরে এনএসজির তিনটি হিট টিম এবং একটি অ্যান্টি
ড্রোন টিম নিয়োগ দেব। এ ছাড়া বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণের জন্য আরো ৯টি দলকে আমরা
কাজে লাগাব।
এ ম্যাচের দিন আইজি, ডিআইজিসহ চারজন সিনিয়র আইপিএস অফিসার এবং ২১ জন ডিসিপি র্যাংকের অফিসার সবকিছু তদারকি করবেন এবং নিরাপত্তারক্ষীদের যাবতীয় নির্দেশনা প্রদান করবেন। এসবের বাইরে নিরাপত্তারক্ষায় আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করেছেন মালিক।










